
নীতীশ রেড্ডি
শেষ আপডেট: 18 April 2025 15:10
দ্য ওয়াল ব্যুরো: দলে থাকা প্রতিভাবান বোলারকে কাজে লাগাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদ। এই নিয়ে সরব হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডেল স্টেইন। যিনি এক সময় হায়দরাবাদের খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন, কোচেরও দায়িত্ব সামলেছেন।
স্টেইনের মতে, সানরাইজার্সের উচিত অলরাউন্ডার নীতীশ রেড্ডিকে কাজে লাগানো। চলতি বছরে অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন নীতীশ। খেলেছেন মেলবোর্ন টেস্ট। ১১২ রানের পাশাপাশি ভাল বল করে চর্চায় উঠে এসেছিলেন। তবু তাঁকে এখনও পর্যন্ত বল করায়নি সানরাইজার্স হায়দরাবাদ।
ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই মূলত পরিচিত নীতীশ। খেলেছেন ২২টি আইপিএল ম্যাচ। নিয়েছেন তিনটি উইকেট। তবে চলতি মরশুমে একটি ওভারও হাত ঘোরাননি। গতবছর টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল হায়দরাবাদ। কিন্তু এ বছর ফর্মে নেই। দশ দলের টেবিলে রয়েছে ন’নম্বরে। ৭টি ম্যাচের ৫টিতেই হেরেছেন প্যাট কামিন্সরা। ৪ পয়েন্ট নিয়ে আপাতত প্লেঅফের রাস্তা থেকে অনেকটাই দূরে দাঁড়িয়ে হায়দরাবাদ।
আর এই অফ ফর্মের অন্যতম কারণ হিসেবে এই স্ট্র্যাটেজিক সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছেন ডেল স্টেইন। নিজের এক্স-হ্যান্ডেলে লিখেছেন, ‘সানরাইজার্স হায়দরাবাদ কি ভুলে গেল, নীতীশ রেড্ডি বলও করতে পারে? ওর গোল্ডেন আর্ম রয়েছে। এক-দু’ওভার অনায়াসে বল করতে পারে। যদি চোট পায়, তাহলেও বোঝা যায়। কিন্তু ব্যাট তো ভালই করছে। তাই…’
Have SRH just forgotten that Reddy can bowl…?
— Dale Steyn (@DaleSteyn62) April 17, 2025
Has a bit of a golden arm, absolutely worth an over or two.
প্রসঙ্গত, হায়দরাবাদকে হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স চলতি সিজনের তিন নম্বর জয় ছিনিয়ে নিয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত, হার্দিকরা জেতেন চার উইকেটে। সানরাইজার্স হায়দরাবাদের তোলা ১৬৩ রান তাড়া করতে গিয়ে মুম্বই ১৮ ওভার ১ বলেই সেই টার্গেট তুলে ফেলে। যার জেরে চলতি মরশুমে পাঁচ নম্বর পরাজয়ের মুখ দেখে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের শেষে প্যাট কামিন্স উইকেটের দিকে আঙুল তুলেছিলেন।