
শেষ আপডেট: 2 January 2024 16:13
দ্য ওয়াল ব্যুরো: এমন গল্প সাধারণত সেলুলয়েডে দেখা যায়। বাস্তবে যে সেটি হবে ভাবাই যায়নি। তাও আবার আইপিএলের মতো কোটিপতি লিগের নিলাম অনুষ্ঠানে। যে অনুষ্ঠানে মিডিয়ার আগ্রহ তুঙ্গে থাকে। সব ফ্রাঞ্চাইজি দেশ ও বিদেশের ক্রিকেটারদের নামনক্ষত্র সন্ধানে ছানবিন করে নেয়।
দুবাইতে আইপিএলের নিলাম অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা কিনেছিলেন সুমিত কুমারকে। তাঁর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে এক কোটি টাকায় কিনেছিল দিল্লি। আর এখানেই বড় বিভ্রাট ঘটে গিয়েছে। সৌরভরা কিনতে চেয়েছিলেন হরিয়ানার অলরাউন্ডার সুমিত কুমারকে। কিন্তু বিডের সময় যাঁর ছবি দেখানো হয়, তিনি আবার ঝাড়খন্ডের ক্রিকেটার সুমিত কুমারের। নাম নয় এক হতে পারে, কিন্তু ছবিতেও যে বড় ধরনের গণ্ডগোল হয়ে যাবে, সেটি কেই বা জানতো।
আর এখানেই ধোনির রাজ্যের ক্রিকেটারের ক্ষেত্রে বড় বেদনার ঘটনা ঘটে গিয়েছে। ঝাড়খন্ডের সুমিত কয়েকদিন আগে নাগাল্যান্ডে চলে গিয়েছিলেন বেশি ক্রিকেট খেলার আশায়। সেইসময় আইপিএলের নিলামে তাঁর ছবিসহ নাম ওঠায় তিনি অবাকই হয়ে যান। বাড়িতে মাকে ফোন করে বলেছিলেন, মা আমার এতদিনে বড় কিছু হল। আমাকে এক কোটি টাকা দিয়ে দিল্লি নিয়েছে। সুমিতের মায়ের চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়েছিল।
ওই আনন্দ বেশিদিন টেকেনি। পরে জানা যায়, যে সুমিতকে নেওয়া হয়েছে, তিনি হরিয়ানার ক্রিকেটার। সেই ঘটনার কথা বলতে গিয়ে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে ধোনির রাজ্যের ক্রিকেটার বলেছেন, ‘আমার কাছে বেশ রহস্যজনক লেগেছে বিষয়টি। কারণ দিল্লির মতো দল কী করে আমার ছবি দিয়ে বিড করল। আমার মনে হয় গুগল সার্চে গিয়ে আমার ছবি দেখে সেটিই মনিটরে দিয়েছিল, তাতেই বড় ভুল হয়ে গিয়েছে। তবে আমার মা এই ঘটনায় খুব কষ্ট পেয়েছেন। রাতারাতি যে তাঁর স্বপ্ন ভেঙে যাবে, তিনি বুঝতে পারেননি।’