
শেষ আপডেট: 19 December 2023 18:25
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে অনেক ক্রিকেটারেরই ভাগ্য খুলে গেছে। এমনকী জাতীয় দলেও সুযোগ মিলেছে। যেমন কলকাতার রিঙ্কু সিংয়ের কথাই ধরা যাক। উত্তরপ্রদেশের এই ক্রিকেটারকে বছর তিন আগেও চিনত না অনেকেই। কিন্তু শেষ দুই বছরে কেকেআরের জার্সিতে নজরকাড়া পারফরম্যান্স রিঙ্কুকে প্রচারে আলোয় এনে ফেলেছিল। এখন ভারতের জাতীয় দলেও উল্লেখযোগ্য সদস্য তিনি। সেই রিঙ্কুর উত্তরপ্রদেশ দলের সতীর্থ সমীর রিজভি এবারের নিলামে ঝড় তুললেন।
আইপিএল নিলামে সমীরের বেস প্রাইস ছিল মাত্র ২০ লাখ টাকা। কিন্তু তাঁকে দলে নেওয়ার জন্য টান টান লড়াই চলে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। এবারের আইপিএলের নিলামে তিনি কালো ঘোড়া হতে চলেছে তার ইঙ্গিত আগেই মিলেছিল। হলও তাই। একদিনে কোটিপতি হয়ে গেলেন ভারতীয় ক্রিকেটের এই অনামী প্লেয়ার। শুধু তাই নয়, বেস প্রাইস ও শেষ দরের মধ্যে তৈরি হল বিপুল ব্যবধান। শেষ পর্যন্ত সমীরকে ৮ কোটি ৪০ লাখ টাকায় দলে নিল চেন্নাই।
আইপিএলের ইতিহাসে এহেন ঘটনা নতুন নয়। ঘরোয়া ক্রিকেটে যাঁরা ভাল খেলেন, তাঁদের দলে নেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। এবারের নিলামেও তাঁর অন্যথা হল না। দুবাইয়ের নিলামের আগে থেকেই সমীর রিজভির নাম ভাসছিল। অনেকেই তাঁকে সুরেশ রায়নার সঙ্গে তুলনা করছেন। যদিও সমীর ডান হাতি ক্রিকেটার। উত্তরপ্রদেশের এই ক্রিকেটার ঘরোয়া ফরম্যাটে যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স করেছেন।
কেন সমীরকে সুরেশ রায়নার সঙ্গে তুলনা করা হচ্ছে? স্পিন বোলিংয়ের বিরুদ্ধে তিনি যে যে জায়গায় শট হাঁকান, তা দেখে অনেকেই সমীরের মধ্যে সুরেশ রায়নার ছায়া দেখতে পেয়েছেন। উত্তরপ্রদেশের হয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটা উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন সমীর। এছাড়া তিনি ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ ম্যাচও খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে সমীরের ব্যাটিং গড় প্রায় ৫০।
চেন্নাই দলেই এক সময় দাপটের সঙ্গে খেলতেন রায়না। ধোনির মতো তাঁকে দলের অন্যতম ফিনিশার বলা হত। অনেক ম্যাচই চেন্নাইকে একা রায়না জিতিয়েছেন। আইপিএল থেকে অবসর নিয়েছেন রায়না। অনেকেই মনে করছেন, সেই ফাঁকা জায়গা পূরণের জন্যই সমীরকে দলে নিল চেন্নাই।