
শেষ আপডেট: 19 December 2023 15:38
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংসকে দেখেই মনেই হচ্ছিল তারা দলে অলরাউন্ডার নিতে চায়। শেষ পর্যন্ত দেখা গেল সেটাই হল। নিউজিল্যান্ডের দুই অলরাউন্ডারকে নিজেদের দলে নিয়ে চমক দিল মহেন্দ্র সিং ধোনির দল।
মঙ্গলবার দুবাইয়ে বসেছে আইপিএলের মিনি নিলাম। এদিন সেখানেই ঠিক হবে ৭৭ জন ক্রিকেটারের ভাগ্য। সেখানেই দেখা গেল চেন্নাইকে প্রথমেই ঝাঁপাতে রাচীন রবীন্দ্রর জন্য। সদ্য সমাপ্ত বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি। তবে প্রথম একাদশে সুযোগ মেলার সম্ভাবনা ছিল না। কেন উইলিয়ামসন না খেলায় হঠাৎ সুযোগ পেয়ে যান রাচীন। সুযোগকে কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই দেখিয়ে দেন ২৩ বছর বয়সি এই ক্রিকেটার।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে অন্যতম সেরা আবিষ্কার নিউজিল্যান্ডের এই তরুণ ক্রিকেটার। বিশ্বকাপে তিনি হাঁকিয়েছেন তিনটি সেঞ্চুরি। এছাড়াও বল হাতে উপহার দিয়েছেন একাধিক দুর্দান্ত স্পেল। এই অলরাউন্ডারকে দলে নেওয়ার জন্য মুখিয়ে ছিলেন ফ্র্যাঞ্চাইজিগুলো। তাঁর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা।
রাচীনকে দলে নেওয়ার প্রথমে লড়াই হয় দিল্লি এবং চেন্নাইয়ের মধ্যে। এরপরে লড়াইয়ে নামে পাঞ্জাব। শেষ হাসি হাসল অবশ্য ধোনির দলই। ১ কোটি ৮০ লাখ টাকায় কিউয়ি তারকাকে কিনল চেন্নাই।
রাচীনের পরেই অন্য কিউয়ি তারকা ড্যারিয়েল মিচেলকে দলে নেওয়ার জন্য ঝাঁপায় চেন্নাই। চেন্নাইয়ের দলে একজন অলরাউন্ডারের দরকার ছিল। সেটা পূরণ করার লক্ষ্যেই প্রথম থেকে মিচেলের জন্য বিডিং শুরু করে চেন্নাই। বিডিং লড়াইয়ে ছিল দিল্লি এবং পাঞ্জাবও। তবে পরে এই লড়াই থেকে সরে যায় দিল্লি। পাঞ্জাব ও চেন্নাইয়ের মধ্যে চলতে থাকে দর কষাকষি। শেষ পর্যন্ত ১৪ কোটি টাকায় নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারকে দলে নেয় চেন্নাই।