
নরেন্দ্র মোদি স্টেডিয়াম
শেষ আপডেট: 2 May 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর (IPL 2025) ৫১তম ম্যাচে আজ মুখোমুখি হবে গুজরাত টাইটানস (Gujrat Titans) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। গুজরাতের হোম গ্রাউন্ড নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হবে এই ম্যাচ। এই ম্যাচ জিটির কাছে খুবই গুরুত্বপূর্ণ প্লে অফে ওঠার জন্য।
৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে গুজরাত। আজকে তারা নিজামের শহরকে হারাতে পারলে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে। পাশাপাশি প্লে অফে ওঠার সুযোগ শেষ হয়ে গিয়েছে হায়দরাবাদের কাছে, এটা বলাই যায়। নয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তাদের অবস্থান নবম স্থানে। বাকি সব ম্যাচ জিতলেও তাদের পক্ষে প্লে অফে ওঠা একপ্রকার অসম্ভব। বৈভব সূর্যবংশীর দাপটে রাজস্থানের কাছে শেষ ম্যাচে হেরে গিয়েছিল গুজরাত। তবে হায়দরাবাদ তাদের শেষ ম্যাচে জিতেই এদিন নামবে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইশ গজ (22 Yards) এবার ব্যাটারদের হয়েই কথা বলছে। ইনিংসের শুরুতে বোলাররা কিছুটা সাহায্য পেলেও পরবর্তীতে ব্যাটারদের স্বর্গ হয়ে ওঠে। তবে, এই স্টেডিয়ামে রয়েছে বিভিন্ন ধরণের পিচ। এর মধ্যে রয়েছে কালো মাটি, লাল মাটি এবং উভয়ের মিশ্রণ। কালো মাটির পিচে ১৮০-১৯০ এর কাছাকাছি স্কোরকে ভাল স্কোর হিসাবে বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি লাল মাটির পিচে, ২১০-২২০ রান জয়ের জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এখন পর্যন্ত ৩৯টি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই মাঠে, প্রথমে ব্যাট করা দল ১৮টি (৪৬.১৫%) এবং তাড়া করা দল ২১টি (৫৩.৮৫%) ম্যাচ জিতেছে। শুধু তাই নয়, টস জয়ী দল ১৮টি ম্যাচ জিতেছে এবং পরাজিত দলগুলি ২১টি ম্যাচ জিতেছে। এই মাঠে সর্বোচ্চ স্কোর ২৪৩/৫ (পাঞ্জাব কিংস) এবং সর্বনিম্ন স্কোর ৮৯ (গুজরাত টাইটানস)।
গুজরাত টাইটান্স তাদের ঘরের মাঠে এখনও পর্যন্ত ২০টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ১২টি ম্যাচ জিতেছে তারা, হারের মুখ দেখেছে ৮টি ম্যাচে। যেখানে সানরাইজার্স হায়দরাবাদ এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাত্র ৪টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিততে পেরেছে মাত্র একটি ম্যাচে। বাকি তিনটিতেই হেরেছে নিজামের শহর।