
মাথিশা পাথিরানা
শেষ আপডেট: 1 May 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে চেন্নাই সুপার কিংস (CSK) তাদের ঘরের মাঠে পঞ্জাব কিংসের (PBKS) কাছে হেরে গিয়েছে। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচ সিএসকের দখলেই রয়েছে। কিন্তু শ্রীলঙ্কান ফাস্ট বোলার মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) একটি ওভার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার পাথিরানার ওই ওভারে বেশ কয়েকটি চার-ছক্কা হাঁকান। ফলে ম্যাচ শেষ ওভার অবধি গড়ালেও জিততে অসুবিধা হয়নি পিবিকেএসের। আর যার জেরে আইপিএলের প্লে-অফের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই।
চলতি আইপিএলে পাথিরানার পারফরম্যান্স এখনও পর্যন্ত নজর কাড়তে পারেনি। যার ফলে সিএসকের বোলিং (CSK Bowling) আক্রমণ সেভাবে বিপক্ষ শিবিরে আঘাত হানতে পারেনি। চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ (Bowling Coach) এরিক সাইমনস (Eric Simons) অবশ্য পাথিরানার পাশে দাঁড়িয়ে বলেছেন, খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছেন পাথিরানা। সিমন্স বলেন, প্রতিপক্ষের ব্যাটসম্যানরা এখন ওর বল বুঝতে শুরু করেছে।
চেন্নাইয়ের প্রধান কোচ আগেই বলেছিলেন যে, খেলার ধরন পরিবর্তনের কারণে পাথিরানার ফর্মের অবনতি হয়েছে। ম্যাচের পর সাইমনস বলেন, 'এটা স্পষ্ট যে অ্যাকশনে সামান্য পরিবর্তন এসেছে। এটা ওর লাইন-লেংথের ওপর প্রভাব না ফেললেও, ব্যাটাররা এখন ওকে আরও ভালভাবে খেলছে। আমরা বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে এটা দেখেছি। মুম্বইয়ের ব্যাটাররাও পাথিরানাকে ভালভাবে সামলেছে।'
চলতি মরশুমে পাথিরানা আট ম্যাচে ১০.৩৯ ইকোনমিতে নয় উইকেট নিয়েছেন। তবে প্রতি ম্যাচেই তাঁকে প্রচুর সংখ্যক ওয়াইড বল করতে দেখা গিয়েছে। এই সম্পর্কে সাইমনস বলেন, 'ওকে আরও উন্নতি করতে হবে।' এখানেই না থেমে সিএসকে বোলিং কোচ বলেন, 'বোলার এবং ব্যাটসম্যান, সকলকেই উন্নতি অব্যাহত রাখতে হবে। ম্যাচ জিততে হলে চেন্নাইকে গুরুত্বপূর্ণ মুহূর্তে আরও বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে। আমাদের আরও ভাল পারফর্ম করতে হবে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে আমাদের আরও বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে।'