
সঞ্জু স্যামসন-শেন ওয়ার্ন
শেষ আপডেট: 6 April 2025 13:45
দ্য ওয়াল ব্যুরো: গতকাল আইপিএলে ছন্দে থাকা পাঞ্জাব কিংসকে পরাস্ত করেছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকায় উঠে এসেছে সাত নম্বরে। আর এই জয়ের সুবাদে ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়েছেন অধিনায়ক সঞ্জু স্যামসন৷ রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির গড়েছেন তিনি। ভেঙেছেন কিংবদন্তি শেন ওয়ার্নের রেকর্ড।
প্রসঙ্গত, প্রয়াত অস্ট্রেলীয় স্পিনার রাজস্থান ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে ছিলেন ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত। জিতেছেন ৩১ টি ম্যাচ। হেরেছেন ২৪ টিতে। গতকাল পাঞ্জাবকে হারানোর পর টিমের অধিনায়ক হিসেবে ৩২তম ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করেছেন সঞ্জু। যিনি ২০২১ সাল থেকে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। এই তিন বছরে ৩২ টি ম্যাচ জেতার পাশাপাশি ২৯টি ম্যাচে পরাজয়ের সাক্ষী থেকেছেন সঞ্জু৷ একটি লড়াই অমীমাংসিত আকারে শেষ হয়েছে। ২০২২ সালে তাঁরই নেতৃত্বে রাজস্থান রানার্স আপ হয়। দু'বছর বাদে, ২০২৪-এ, প্লে-অফে ওঠে৷
গতকালের লড়াইয়ে টসে জিতে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার বল করার সিদ্ধান্ত নেন। কিন্তু তা আখেরে ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। ব্যাট হাতে শুরু থেকেই ছন্দে ছিলেন যশস্বী জয়সওয়াল। ঘরোয়া ক্রিকেটে মুম্বই শিবির ছেড়ে গোয়ায় যোগ দেওয়ার কারণে ইদানীং চর্চায় রয়েছেন ভারতের তরুণ ওপেনার৷ যদিও তার আঁচ মোটেও পারফরম্যান্সে পড়তে দেননি। ৪৫ বলে করেন ৬৭ রান। যোগ্য সঙ্গত দেন সঞ্জু। ২৬ বলে তাঁর সংগ্রহ ৩৮ রান। পরে নেমে ঝোড় ইনিংস খেলেন রিয়ান পরাগ (২৫ বলে ৪৩ রান) এবং শিমরন হেটমেয়ার (১২ বলে ২০ রান)। যে কারণে সব মিলিয়ে পাঞ্জাবের সামনে ২০৬ রানের লক্ষ্যমাত্রা খাড়া করে রাজস্থান।
বল হাতে গোড়াতেই আঘাত হানেন ইংল্যান্ড পেসার জফ্রা আর্চার৷ ২৫ রানে ৩ উইকেট নেন। আউট করেন দুর্ধর্ষ শ্রেয়স আইয়ারকে৷ গ্লেন ম্যাক্সওয়েল (২১ বলে ৩০ রান) এবং নেহাল ওয়াধেরা (৪১ বলে ৬২ রান) ৮৮ রানের পার্টনারশিপ গড়ে কামব্যাকের চেষ্টা চালালেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৫৫ রানেই গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস৷ জফ্রার পাশাপাশি আগুনে ফর্মে ছিলেন মাহিশ থিকশানা ও সন্দীপ শর্মা। দুজনেই রান আটকে রাখেন। পাশাপাশি তুলে নেন দুটি করে উইকেট৷