
সন্দীপ শর্মা
শেষ আপডেট: 17 April 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: বুধবার টানটান উত্তেজনার ম্যাচের নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে (Super Over)। ম্যাচের শেষ বল পর্যন্ত জয়-পরাজয়ের কাঁটা পেন্ডুলামের মতো দুলেছে। শেষ বলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জেতার জন্য প্রয়োজন ছিল ২ রান। কিন্তু মিচেল স্টার্কের (Mitchel Stark) শেষ বলে মাত্র এক রান হওয়ায় ম্যাচ সুপার ওভারে গড়ায়। সেখানেও স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে রাজস্থান তুলতে পারে মাত্র ৯ রান। দুই বল বাকি থাকতেই যা টপকে যায় দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে এই ম্যাচে রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলার সন্দীপ শর্মা (Sandeep Sharma) এমন একটি তালিকায় যোগ দিয়েছেন, যা কখনওই কাম্য নয়।
দিল্লির ইনিংসের শেষ ওভারে বল করতে এসেছিলেন সন্দীপ। ওই ওভার শেষ হয় ১১ বলে। রান ওঠে ১৯। এই রানই বলতে গেলে ম্যাচের ফলাফল নির্ণয়ে বড় গুরুত্ব রেখেছে।
শেষ ওভারটি করতে আসা সন্দীপ ওয়াইড দিয়ে শুরু করেন এবং পরের বলে কোনও রান দেননি। এরপর সন্দীপ টানা তিনটি বল ওয়াইড করেন, আর পরের বলটি ছিল নো বল। স্টাবস ফ্রি হিট থেকে একটি চার মারেন এবং তারপর পরের বলে একটি ছক্কা হাঁকান। সন্দীপের পরের তিন বলে মাত্র একটি রান আসে। এইভাবে, সন্দীপ ওভারে ১১টি বল করে মোট ১৯ রান দেন।
এর ফলে, সন্দীপ আইপিএলে এক ওভারে সর্বোচ্চ সংখ্যক বল করা যৌথভাবে চতুর্থ বোলার হয়ে উঠলেন। সন্দীপ ছাড়াও, মহম্মদ সিরাজ, তুষার দেশপাণ্ডে এবং শার্দুল ঠাকুরও আইপিএলে এক ওভারে ১১টি বল করেছেন।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে সন্দীপ চার ওভারে ৩৩ রান দিয়ে একটিও সাফল্য পাননি। সুপার ওভারেও সন্দীপকে ভরসা করেছিল রাজস্থান থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু সেই ভরসার প্রতিও আস্থা দেখাতে পারেননি এই অভিজ্ঞ বোলার।