.png)
কেএল রাহুল
শেষ আপডেট: 23 April 2025 13:09
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাতে লখনউয়ের মাটিতে দাদাগিরি দেখিয়েছে দিল্লি। দুই বঙ্গ ক্রিকেটার মুকেশ কুমার ও অভিষেক পোড়েলর দুরন্ত পারফরম্যান্সে এলএসজিকে (LSG) আট উইকেটে হারিয়েছে ডিসি (DC)। তবে শুধু এই দুই জনের কথা বললে ভুল হবে, দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) দলগত পারফরম্যান্সেই এসেছে জয়। অধিনায়ক অক্ষর প্যাটেল, কেএল রাহুলের (KL Rahul) কথাও বলতে হয়।
মঙ্গলবারের মুকেশ কুমার চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেও, সবার নজর কিন্তু কেড়ে নিয়েছেন লোকেশ রাহুল। গতবার এলএসজির অধিনায়ক ছিলেন সুনীল শেঠীর জামাই রাহুল। কিন্তু এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তাঁর বিবাদ নিয়ে এখনও চর্চা চলে। এবার লখনউয়ের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে গিয়ে গোয়েঙ্কাকে যোগ্য জবাব দিয়ে এসেছেন কেএল।
মঙ্গলবার রাহুল অপরাজিত থেকে ৪২ বলে করেছেন ৫৭ রান। হাঁকিয়েছেন তিনটি করে চার-ছক্কা। আর এই রান করার পথে আইপিএলে তিনি অতিক্রম করেছেন পাঁচ হাজার (5000 runs in IPL) রানের সীমানা। আইপিএলে এই কৃতিত্ব রয়েছে আর মাত্র সাত জন ক্রিকেটারের। তবে সব থেকে দ্রুত (Fastest) পাঁচ হাজারের সীমানা অতিক্রম করেছেন রাহুলই।
১৩০ ইনিংসে পাঁচ হাজার রান করার পথে রাহুল ভেঙে দিয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের (David Warner) রেকর্ড। ওয়ার্নার নিয়েছিলেন ১৩৫টি ইনিংস। ২০২০ সালে তিনি ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। কেকেআরের বিরুদ্ধে তিনি এই মাইলফলক অর্জন করেন। যেখানে তালিকার তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি (Virat Koholi) নিয়েছেন ১৫৭ ইনিংস।
এই তিন ব্যাটার বাদে আইপিএলে পাঁচ হাজারের সীমানা অতিক্রম করেছেন রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না ও এবি ডি ভিলিয়ার্স ও শিখর ধাওয়ান। তবে সর্বোচ্চ রান সংগ্রহের ক্ষেত্রে সবার উপরে রয়েছেন কিং কোহলি। আট হাজারের উপর রান রয়েছে বিরাটের।