
কেকেআর বনাম আরসিবি
শেষ আপডেট: 21 March 2025 11:52
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে বাধাবিঘ্নে জেরবার কলকাতা নাইট রাইডার্স। ৬ এপ্রিলের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঘরের ম্যাচ নিরাপত্তার কারণে গুয়াহাটিতে স্থানান্তরিত হয়েছে। এবার বৃষ্টির ভ্রুকুটিতে ভেস্তে যাওয়ার মুখে আইপিএলের প্রথম লড়াই। হাওয়া দফতরের পূর্বাভাস সত্যি হলে আগামিকাল কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা। যে কারণে এবারের আইপিএলের প্রথম ম্যাচ পণ্ড হতে পারে। কেকেআরের বনাম আরসিবি দিয়েই এবারকার আইপিএলের বোধন। যাকে ঘিরে ক্রিকেট অনুরাগীদের উত্তেজনা রীতিমতো তুঙ্গে।
শুধু বাইশ গজের যুদ্ধ নয়। তার আগেও ৩৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল। মঞ্চে নাচতে দেখা যাবে দিশা পাটানিকে। বৃষ্টি হলে সেই জমকালো আয়োজনও নিশ্চিতভাবে ভন্ডুল হবে।
আবহাওয়া দফতর সূত্রে চলতি সপ্তাহের গোড়াতেই জানানো হয়েছিল, বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ২২ মার্চ, শনিবার, ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হওয়ার কথা কেকেআরের। ফলে বর্ষণের জেরে লড়াই ভেস্তে যাওয়া নিয়ে আগে থেকেই সংশয় ছিল। এবার বিস্তারিত নির্দেশিকার পর তা আরও গাঢ় হয়েছে।
পূর্বাভাসে জানা গিয়েছে, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৭৪% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি সারাদিনই আকাশ ঘন, কালো মেঘে ছেয়ে থাকবে। দফায় দফায় বৃষ্টি হবে। সন্ধ্যার পর যার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা ৯০%। এর ফলে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হতে চলা ম্যাচ সম্পূর্ণভাবে পণ্ড হওয়ার সংশয় আরও জোরালো হচ্ছে।
প্রসঙ্গত, ৬ এপ্রিল ইডেন গার্ডেনসেই কেকেআরের মুখোমুখি হওয়ার কথা ছিল লখনউ সুপার জায়ান্টসের। কিন্তু কাঁটা হয়ে দাঁড়ায় রামনবমী। ওইদিন সারা বাংলাজুড়ে প্রায় ২০ হাজার পদযাত্রা বের করার ঘোষণা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর ফলে নিরাপত্তার অসুবিধে দেখিয়ে হাত তুলে নেয় কলকাতা পুলিশ। যার জেরে বিপুল সংখ্যক দর্শকদের নিয়ে ম্যাচ আয়োজন অসম্ভব—একথা জানিয়ে দিনক্ষণ পাল্টানোর সংকেত দিয়েছিল বাংলার ক্রিকেট বোর্ড সিএবি। এরপর বিসিসিআইয়ের সঙ্গে আলাপ-আলোচনার পর ঠিক হয় ওই ম্যাচ গুয়াহাটিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে।