.png)
চন্দ্রকান্ত পণ্ডিত
শেষ আপডেট: 29 April 2025 18:22
দ্য ওয়াল ব্যুরো: নাইট সংসারে (KKR) তিন বছর ধরে রয়েছেন চন্দ্রকান্ত (Chandrakant Pandit) পণ্ডিত। তবে তাঁর ভূমিকা কী, সেই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। প্রথম মরশুমে সাফল্য এনে দিতে পারেননি ঘরোয়া ক্রিকেটে সফল এই কোচ। গতবার পণ্ডিতের মাথার উপর বসানো হয় গৌতম গম্ভীরকে। চ্যাম্পিয়ন হয় কেকেআর। গৌতি এবার ভারতীয় দলের দায়িত্বে, তাই নাইট শিবিরে তিনি নেই।
এবার মেন্টর হিসাবে নাইটরা এনেছেন প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোকে। তবে এবার বেহাল দশা শাহরুখ খানের দলের। আবার ঘুরেফিরে সেই প্রশ্ন উঠছে পণ্ডিত তাহলে কী করছেন?
এদিকে এবার গুঞ্জন উঠেছে হেডস্যার পণ্ডিতকে নিয়ে নাকি সন্তুষ্ট নন নাইট ক্রিকেটারদের অনেকেই। দলকে তিনি ঠিকভাবে উদ্বুদ্ধও করতে পারছেন না। এর মধ্যেই জানা গেল এক ক্রিকেটারের সঙ্গে তাঁর বিবাদের কথা।
কলকাতার আজ ম্যাচ রয়েছে দিল্লির বিরুদ্ধে। এই ম্যাচের আগে নয়টি ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছেন নাইটরা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সপ্তম স্থানে। প্লে অফ যোগ্যতা পেতে গেলে কেকেআরের কাছে প্রতিটি ম্যাচ এখন ‘ডু অর ডাই’।
এদিকে, দলের পেসার হর্ষিত রানাও বলেছেন, গৌতম গম্ভীর (Goutam Gambhir) যখন ছিলেন তখন শিবিরে একটা 'রোমাঞ্চ' ছিল। আত্মবিশ্বাসে টগবগ করে ফুটতেন ক্রিকেটাররা।
এবারের নাইটদের হাল বেশ খারাপ। এমন পরিস্থিতি প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। পাশাপাশি এমন অভিযোগও উঠেছে যে, ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্কও ভাল নয়।
এই আবহে রেভস্পোর্টজের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, কেকেআরে একজন বিদেশি খেলোয়াড়ের (Foreigner Player) সঙ্গে পণ্ডিতের কিছুটা বিবাদও হয়েছে। ওই ক্রিকেটার প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে ডিনার (Dinner) করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পণ্ডিত বিষয়টি সম্পূর্ণরূপে উপেক্ষা করেন। প্রতিপক্ষের ওই ক্রিকেটার জাতীয় দলে কেকেআর তারকার সতীর্থ ছিলেন।
গৌতম গম্ভীর জাতীয় দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর কেকেআর কোচিং সেটআপে পরিবর্তন নিয়ে আসে। গম্ভীর কেকেআরের সহকারি কোচ অভিষেক নায়ারকেও তাঁর সঙ্গে নিয়েছিলেন জাতীয় দলে। বিসিসিআই নায়ারকে বরখাস্ত করার পর কেকেআর তাঁকে আবার দলে ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ নেয়। নাইট রাইডার্সে ফিরে আসার পর থেকে নায়ার খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজও শুরু করেছেন।
আইপিএল ২০২৪-এ কেকেআরের শিরোপা জয়ের পর দলের অনেক ক্রিকেটারই প্রকাশ্যে গম্ভীর এবং নায়ারের প্রশংসা করেছিলেন। কিন্তু, চন্দ্রকান্ত পণ্ডিতের জন্য খুব বেশি প্রশংসার শব্দ শোনা যায়নি ক্রিকেটারদের মুখ থেকে। বরং আড়ালে-আবডালে শোনা গিয়েছে, পণ্ডিত নাকি ক্রিকেটারদের সঙ্গে সে ভাবে মেশেন না। এমনকি পারফরম্যান্স খারাপ হলে তাঁদের প্রকাশ্যেই তুলোধনা করেন।
গম্ভীর কেকেআরে থাকার সময় যে পরিবেশ ছিল, অন্য কোনও কোচ বা পরামর্শদাতা সেই অবস্থা তৈরি করতে পারেননি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে হর্ষিত রানা এরকমই ইঙ্গিত দেন। হর্ষিত বলেন,
"আমাদের সাপোর্ট স্টাফদের গঠন মূলত (গত বছরের মতো) একই রকম। (অভিষেক) নায়ার ভাইও ফিরে এসেছেন। চান্দু স্যার (চন্দ্রকান্ত পণ্ডিত), (ডোয়েন) ব্র্যাভো সবাই ভাল। তবে হ্যাঁ, একটা রোমাঞ্চকর ব্যাপার আছে, যা আমি একটু মিস করি।"
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের আগে হর্ষিত রানা আরও বলেন, "গম্ভীর স্যারের মধ্যে একটা বিশেষ কিছু আছে। তিনি যেভাবে দলকে এগিয়ে নিয়ে যান, তা প্রশংসনীয়। আমি কেবল সেই কথাই বলছিলাম।"