1.png)
জস বাটলার
শেষ আপডেট: 19 April 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: লড়াইটা ছিল ফার্স্ট আর থার্ড বয়ের। আর সেই লড়াইয়ে জিতে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইপিএল টেবিলের মগডালে গুজরাট টাইটান্স (Gujrat Titans)। শীর্ষ খুইয়ে সাত ম্যাচে দশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান টাইটান্স অধিনায়ক শুভমন গিল। ২৩ রানে প্রথম উইকেটের পতন হয় দিল্লির। অভিষেক পোড়েল ফিরে যান ৯ বলে ১৮ রান করে। ভাল শুরু করেও করুণ নায়ার তাঁর ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি। ১৮ বলে ৩১ করেন তিনি। কিন্তু এবার দিল্লি দলে যথেষ্ট ব্যাটিং গভীরতা রয়েছে। রাহুল কেরন ১৪ বলে ২৮ রান। অধিনায়ক অক্ষরের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৩৯। ক্রিশ্চিয়ান স্টাবস ও আশুতোষ শর্মা করেন যথাক্রমে ৩১ ও ৩৭ রান।
দিল্লি যেভাবে এগোচ্ছিল তাতে একসময় মনে হচ্ছিল স্কোর ২৫০-র কাছাকাছি যাবে। কিন্তু শেষদিকে পরপর উইকেট পড়েত থাকায় নির্ধারিত ২০ ওভারে দিল্লি ক্যাপিটালসের রান দাঁড়ায় আট উইকেট হারিয়ে ২০৩।
জিটির সেরা বোলার প্রসিধ কৃষ্ণ। চলতি আইপিএলে ধারাবাহিক ভাবে পারফর্ম করে চলেছেন তিনি। এদিন করুণ, রাহুল ও অক্ষরকে ফিরিয়ে দিয়ে দিল্লির ২৫০ প্লাস স্কোরের সম্ভাবনায় জল ঢেলে দেন তিনি। পরে ভিপ্রজ নিগমেরও উইকেটও ঢোকে তাঁর পকেটে।
লক্ষ্যমাত্রা অনেকটাই। এই অবস্থায় শুরুতেই বিপদে পড়ে গুজরাট। শুভমন গিল ফিরে যান মাত্র ৭ রান করে। দলের রান তখন ১৪। এরপর বাটলারকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন সাই সুদর্শন। দলীয় ৭৪ রানে আউট হন সুদর্শন (২১ বলে ৩৬)। এসময় নরেন্দ্র
মোদী স্টেডিয়ামে উপস্থিত গুজরাট সমর্থকদের মধ্যে কিছু দুশ্চিন্তার চোরা স্রোতা কাজ করলেও পরিস্থিতি সামলে দেন বহু যুদ্ধের পোড় খাওয়া নায়ক জস বাটলার (Jos Buttler)। সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গত করেন শেরফান রাদারফোর্ড। স্কোর বোর্ড সচল রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জয়ের পথে। এই দুই ব্যাটার রেয়াত করেননি ‘ইয়র্কার মাস্টার’ মিচেল স্টার্ককেও (৩.২ ওভারে ৪৯ রান)। একমাত্র কুলদীপ যাদব কিছুটা ছাপ ফেলতে পেরেছেন এদিন। চার ওভারে ৩০ রান দিয়ে এক উইকেট নেন তিনি।
দলীয় ১৯৩ রানে ৩৪ বলে ৪৩ রান করে আউট হন রাদারফোর্ড। বাটলার ও তাঁর জুটিতে ওঠে ১১৯ রান। তবে এতে অবশ্য জয় আটকায়নি গুজরাটের। রাহুল তেওটিয়া নেমে তিন বলে ১১ রান করে দলকে জয় এনে দেন। তবে মাত্র তিন রানের জন্য শতক থেকে বঞ্চিত হন বাটলার। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে ছিল ১১টি চার ও চারটি ছক্কা। সাত উইকেটে জিতে আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট টাইটান্স।