
শেষ আপডেট: 2 October 2023 16:29
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের হকিতে ভারতীয় দলের দুরন্ত পারফরম্যান্স। গ্রুপ পর্বেই মোট ৫৮টি গোল করেছেন তারকারা। সোমবার বাংলাদেশকে ১২-০ গোলে হারিয়েছে ভারত হকিতে। ম্যাচে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক হরমনপ্রীত সিং ও মনদীপ সিং।
টানা পাঁচ ম্যাচ জিতে ভারত সেমিফাইনালে চলে গিয়েছে। সোনার লক্ষ্যে পরের ম্যাচে নামবেন হরমনপ্রীতরা।
এদিন ম্যাচ শুরুর পর থেকেই গোল-বৃষ্টি ভারতের। ম্যাচে জোড়া গোল করেন অভিষেক। তাছাড়া ললিত, অমিত রোহিদাস, নীলকণ্ঠ ও সুমিত বাকি গোলগুলি করেছেন।
এর আগে পাকিস্তানকে ১০-২ গোলে হারিয়েছিল ভারত। এর আগে উজবেকিস্তান, সিঙ্গাপুর ও জাপানকে উড়িয়ে দিয়ে জয়ের হ্যাটট্রিক করেছিল ভারত। তিন ম্যাচে ৩৬টি গোল করেছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের দাপট দেখা গিয়েছিল। তারপর এশিয়ান গেমসে যেভাবে মনদীপরা খেলেছেন, তাতে সোনা জয়ের পথেই হাঁটছেন তাঁরা। এশিয়ান গেমসে সোনা পেলেই ভারতীয় দল সরাসরি প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। প্রতি কোয়ার্টারে ভারতীয় দল তিনটি করে গোল করেছে।