
বাইরে যাওয়া বলে শট নিয়ে গোল করছেন কাতারের ফুটবলার।
শেষ আপডেট: 12 June 2024 14:48
দ্য ওয়াল ব্যুরো: কাতারের কাছে হেরে বিশ্বকাপ ফুটবলের তৃতীয় রাউন্ডে যাওয়া হয়নি ভারতের। মঙ্গলবার দোহা আন্তর্জাতিক স্টেডিয়ামের ওই ম্যাচে ভারত শুরুতে এগিয়ে গিয়েছিল। কিন্তু তারপরই ছন্দপতন। খেলার ৭৩ মিনিটে কাতারের ইউসুফ আইমেন যে গোলটি করেন, তা একেবারেই অবৈধ।
কাতারের এক ফুটবলার দূর থেকে মাইনাস করলে বলটি ভারতের গোলবক্সে প্রবেশ না করে মাঠের বাইরে চলে যায়। সেই বলটি বাইরে থেকে নিয়ে এসে তারপর শটে গোল করেন ইউসুফ। কাতারের ফুটবলাররাও ভাবতে পারেননি রেফারি তাতে গোল দিয়ে দেবেন। কিন্তু সবাইকে অবাক করে কোরিয়ার রেফারি উই কোং সাং গোলের বাঁশি বাজিয়ে দেন।
সেই নিয়েই চরম বিতর্ক। ভারতের রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা সবাই মাঠে ঢুকে যান। এমনকী কোচ ইগর স্টিম্যাচকেও দেখা যায় রেফারির সঙ্গে কথা বলছেন। কিন্তু তিনি সিদ্ধান্ত বদলের রাস্তায় যাননি। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ভার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না, সেই নিয়মের ফাঁক দিয়ে রেফারি পার পেয়ে গিয়েছেন। এই ঘটনায় দলের কোচ থেকে শুরু করে সিনিয়র তারকা গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুও বলেছেন, ‘‘এভাবে ডাকাতি করার কোনও অর্থ ছিল না, এতে ফুটবলের ক্ষতি হল। একটি দল অবিচারের শিকার হল সকলের সামনে।’’ কোচ ইগর বলেছেন, ‘‘এই ঘটনার পিছনে গভীর চক্রান্ত রয়েছে, না হলে এইভাবে গোল দিতে পারতেন না রেফারি।’’
Rank 34th Qatar did an open robbery against Rank 121st India even when Qatar is already qualified for 3rd round.
— Bruce Wayne (@_Bruce__007) June 11, 2024
Seriously what a pathetic refereeing ????
Absolutely heartbreaking moment for Indian fans right now????#QATIND #IndianFootball pic.twitter.com/LjeupL34RD
সুনীল ছেত্রী অবসর নেওয়ার পরে এইপ্রথম কোনও ম্যাচ খেলল ভারতীয় দল। পুরো দলটি ম্যাচে ভালই খেলেছে। প্রথমার্ধে কাতারের মতো দলকে রীতিমতো চাপে রেখেছিলেন ছাংতে, লিস্টন, রাহুল ভেকেরা। বিরতির পরে ওই বিতর্কিত গোলের পরেই দল ছন্দ হারায়। কাতার জয়সূচক গোলটি করেছে ম্যাচের ৮৫ মিনিটে।
কাতারের ওই সমতা ফেরানো গোলের প্রতিবাদে শেষপর্যন্ত দেখবে ভারতের ফুটবল ফেডারেশন। সংস্থার সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, ‘‘আমরা ফিফার কাছে এই গোলের ফুটেজ পাঠিয়ে ম্যাচের সিদ্ধান্ত বদলের অনুরোধ জানাব। কারণ এই গোল সবদিক থেকে ভুল সিদ্ধান্তের ফসল। এতে আমাদের পরের রাউন্ডে যাওয়াও আটকে গিয়েছে।’’