
শেষ আপডেট: 3 January 2024 14:02
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে ভারতীয় দল কেমন হয়, সেই প্রশ্নই ঘুরছিল। প্র্যাকটিসের সময় শার্দূল ঠাকুরের চোট পাওয়ায় চিন্তায় পড়েছিল ভারতীয় শিবির। আদৌ তিনি কেপটাউন টেস্টে খেলতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ দেখা যায়। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্ট থেকে ছিটকেই গেলেন শার্দূল।
সেঞ্চুরিয়নের মতো কেপটাউনের পিচও পেস বোলিং সহায়ক। তাই চার পেসার ও এক স্পিনার অলরাউন্ডারকে রেখেই দল সাজিয়েছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। সেই দলে রবিচন্দ্রন অশ্বিনের বদলে রবীন্দ্র জাদেজাকে রাখা হয়েছে। এমনকী দলে এসেছেন বাংলার পেসার মুকেশ কুমারও।
প্রথম টেস্টে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় অনেকটাই নীচের দিকে চলে গেছে ভারত। তাই দ্বিতীয় টেস্ট জিতে শুধু সিরিজ ড্র করা নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় ওপরের দিকে উঠে আসার লক্ষ্য নিয়েই মাঠে নামছেন রোহিত শর্মারা।
এদিকে, বুধবার নিউল্যান্ডস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথম ব্যাটিং নিয়েছে। ভারতীয় দল প্রথম বোলিং করছে। আট রানের মধ্যেই দুটি উইকেট পড়ে গিয়েছে প্রোটিয়া বাহিনীর। দুটি উইকেটই নেন মহম্মদ সিরাজ।
চোটের কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভূমা। তাঁর পরিবর্তে এই ম্যাচে দলের নেতৃত্ব দেবেন ডিন এলগার। এটাই তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ। ম্যাচ জিতে স্মরণীয় করে রাখতে মরিয়া তিনি। তাই টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন এলগার। লক্ষ্য প্রথম ইনিংসেই বড় রান তুলে ভারতকে চাপে ফেলতে।
এদিকে, ভারতীয় দলও চাইছে তাড়াতাড়ি প্রথম ইনিংস শেষ করতে। যদিও দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধেই বল করা খুব একটা সহজ কাজ নয়। সেই কঠিন চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছেন জসপ্রীত বুমরারা। শার্দূলের পরিবর্তে দলে আনা হল বাংলার পেসার মুকেশ কুমারকে। আগেও তাঁর টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। সেটাকেই কাজে লাগাতে চাইছেন দ্রাবিড়।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও মুকেশ কুমার।