
শেষ আপডেট: 28 November 2023 11:51
দ্য ওয়াল ব্যুরো: দু’য়ে দুই। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজ জিততে গেলে ভারতের প্রয়োজন আর মাত্র একটি জয়। সূর্যরা চাইছেন গুয়াহাটিতে সিরিজ পকেটে পুড়তে। এহেন পরিস্থিতিতে ভারত-অস্ট্রেলিয়া দুই দলের কাছেই এখন চিন্তার কারণ আবহাওয়া ও পিচ নিয়ে।
গুয়াহাটির ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাবে না তো? আবহাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার গুয়াহাটিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আশঙ্কা নেই। এদিন সন্ধে ৭টা নাগাদ ম্যাচ শুরু হবে। সেই সময় তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তবে রাত ১০টার দিকে তাপমাত্রা কিছুটা কমবে। এই ম্যাচে শিশির ফ্যাক্টর হতে পারে।
গুয়াহাটিতে জিততে মরিয়া সূর্যকুমার যাদবরা। ম্যাচে নামার আগে তাঁদের মাথায় ঘুরছে বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ কেমন হবে? গুয়াহাটির পিচ সাধারণত স্লো হয়। ফলে পিচ থেকে ব্যাটাররা সুবিধা পাবেন। সূত্রের খবর, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পিচের চরিত্র খুব একটা বদল করা হচ্ছে না। উইকেটে কোনও ঘাস থাকবে না। পিচ থেকে পেসাররা খুব একটা সাহায্য পাবেন না। তবে স্পিনাররা কিছুটা সুবিধা পেতে পারেন।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এদিনের ম্যাচে বড় রান উঠবে। চার-ছয়ের ফুলঝুরি দেখা যাবে। এদিন ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা কম। কোচ ভিভিএস লক্ষ্মণ উইনিং কম্বিনেশন ভাঙতে খুব একটা পছন্দ করবেন না। এই ম্যাচে উইনিং কম্বিনেশন পরিবর্তন না হলেও চতুর্থ ম্যাচে দলে ফিরবেন শ্রেয়স আইয়ার। সেক্ষেত্রে ভারতীয় দলের মিডল অর্ডারে কিছু পরিবর্তন হতে পারে।
বিশাখাপত্তনমে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে তোলে ২০৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারত ২০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। তিরুঅনন্তপুরমে দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে ভারত তোলে ২৩৫ রান। কিন্তু ভারতীয় বোলাররা অজিদের ১৯১ রানে আটকে দেয়। এখন দেখার গুয়াহাটিতে কী হয়।