
Indian Football Team
শেষ আপডেট: 14 March 2024 19:51
দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, কল্যাণ নাকি নিজ ক্ষমতাবলে দেশ-বিদেশে ভ্রমণ করেছেন বিমানের বিজনেস ক্লাসে। সবটাই ফেডারেশনের অর্থে। এমনকী ৪০ লক্ষ টাকার বিলও হয়েছে।
সভাপতি বিজনেস ক্লাসে যেতে পারেন, কিন্তু ফুটবলাররা বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচ খেলতে সৌদি আরব যাবে সাধারণ যাত্রীদের সঙ্গেই। কেন এই বৈষম্য? সেই নিয়ে বলা হয়েছে, ৪০ জন সদস্যের বিমানের টিকিট একসঙ্গে করা যায়নি, তাই ইকনোমিক ক্লাসেই সাধারণ যাত্রীদের সঙ্গেই যাবেন সুনীল ছেত্রী, গুরপ্রিৎ সিং সাঁধুরা।
আগামী ২১ মার্চ সৌদির আভাতে ভারতের প্রাক বিশ্বকাপ পর্বের ম্যাচ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। দলের ফুটবলাররা দিল্লি থেকে জেড্ডা, তারপর যাবেন আভাতে। সবটাই সাধারণ যাত্রীদের পাশে বসেই। ফেডারেশনের কিছু কর্তা এও বলছেন, অর্থের অভাবেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়েও ফুটবলমহলে ক্ষোভ রয়েছে। প্রসঙ্গত, ভারতীয় দল এর আগে প্রাক বিশ্বকাপ পর্বে কুয়েতের বিরুদ্ধে ম্যাচে ০-১ গোলে জিতেছে।
ভারতীয় দলের কাছে এই ম্যাচ অতি গুরুত্বপূর্ণ। কারণ এশিয়ান কাপে দল ব্যর্থ হলেও এই পর্যায়ে আরও একবার সুযোগ পাবেন সুনীলরা।