
জশ হ্যাজেলউড
শেষ আপডেট: 10 May 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত। পাকিস্তানি সেনাবাহিনী ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিকে লক্ষ্য করে আক্রমণ করছে, ভারতীয় সেনাবাহিনীও (Indian Army) উপযুক্ত জবাব দিচ্ছে। ইন্ডিয়ান আর্মি ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) মাধ্যমে নয়টি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করার পর পাকিস্তান ভারতের সামরিক ভবনগুলি লক্ষ্য করে হামলা চালায়। যদিও পাকিস্তানের আক্রমণ সহজেই প্রতিরোধ করে ভারতীয় সেনা।
ভারতীয় সৈন্যদের বীরত্ব গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে। সর্বত্র তাঁরা প্রশংসিত হচ্ছেন। ভারতীয় সেনার শৌর্যে দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার জশ হ্যাজেলউডও (Josh Hazlewood)। এই অজি পেসার (Australian Cricketer) এবার আরসিবির হয়ে দুরন্ত পারফর্ম করছেন। চলতি আইপিএলে পার্পল ক্যাপের দৌড়ে এখন তিনি রয়েছেন তিন নম্বর স্থানে। তিনি ভারতীয় সেনাবাহিনীর সমর্থনে একটি পোস্ট করে তাদের প্রশংসা (Praise) করেছেন।
হ্যাজেলউড লিখেছেন, “একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে আমি সবসময় যেকোনও চ্যালেঞ্জের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানোর চেতনায় বিশ্বাসী, ঠিক যেমন আমাদের সাহসী ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। ভারতের জওয়ানদের উদ্দেশে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বলতে চাই যে, তোমরা অবশ্যই মহান। তোমাদের সাহস, ত্যাগ এবং দেশকে রক্ষা করার জন্য অটল অঙ্গীকার লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে, যার মধ্যে আমিও আছি।”
হ্যাজেলউড আরও লিখেছেন, “প্রতিদিন তোমরা ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে অকল্পনীয় বাধার মুখোমুখি হও, শান্তি ও ঐক্যের মূল্যবোধ রক্ষা করো। তোমাদের এই লড়াই কেবল ভারতের জন্য নয়, বরং একটি নিরাপদ বিশ্বের আশার জন্য। আমরা অস্ট্রেলিয়ানরা তোমাদের স্থিতিস্থাপকতার প্রশংসা করি, এবং আমি তোমাদের কেবল একজন ক্রিকেটার হিসাবেই নয়, বরং এমন একজন হিসাবেও উৎসাহিত করি যে সঠিকের পক্ষে দাঁড়ানোর শক্তিতে বিশ্বাস করে। শক্তিশালী থাকো, নিরাপদে থাকো এবং জেনে রাখো, সারা বিশ্ব তোমাদের সমর্থন করছে।”