
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্য়াচের আগে বেজে উঠল ভারতের জাতীয় সংগীত
শেষ আপডেট: 22 February 2025 16:12
দ্য ওয়াল ব্যুরো: শনিবার (২২ ফেব্রুয়ারি) ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড (AUS vs ENG)। তবে এই টুর্নামেন্ট শুরুর আগে ফের ভুল করে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানোর বদলে তারা ভারতের জাতীয় সংগীত (Indian National Anthem) বাজাতে শুরু করে। এই ঘটনায় অস্ট্রেলিয়ার ক্রিকেটার তথা গোটা গদ্দাফি স্টেডিয়াম স্তম্ভিত হয়ে যায়। তবে আয়োজকরা নিজেদের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ভারতের জাতীয় সংগীত বন্ধ করে দেয়।
এই ঘটনায় অবশ্য ভারতীয় ক্রিকেট সমর্থকরা অবশ্য আহ্লাদে আটখানা হয়ে গিয়েছেন। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি করেছে, এই জাতীয় সংগীত আসলে ইংল্যান্ড ক্রিকেট দলের জন্যই বাজানো হয়েছিল। আসলে যখন এদেশে রাজত্ব করতে এসেছিল, সেইসময় ভারত এবং পাকিস্তান আলাদা ছিল না। ১৯৪৭ সালের অগাস্ট মাসে শেষপর্যন্ত ইংরেজরাই অখণ্ড ভারতকে ভেঙে পাকিস্তান তৈরি করে। আর সেকারণে পাকিস্তানের মাটিতে ভারতের জাতীয় সংগীত, আসলে ব্রিটিশদের মুখেই চপেটাঘাত বলে দাবি ভারতীয় ক্রিকেট সমর্থকদের।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট বোর্ড আগেভাগেই জানিয়ে দিয়েছিল যে নিরাপত্তার কারণে তারা পাকিস্তানে খেলতে যাবে না। সেকারণে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছে। ভারত তাদের প্রত্যেকটা ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে। এই পরিস্থিতিতে কীভাবে লাহোরে ভারতের জাতীয় সংগীত বেজে উঠল, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
উল্লেখ্য, প্রত্যেকটা আইসিসি ম্যাচ শুরু হওয়ার আগে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। এটাই নিয়ম। প্রথমে দুই দলের অধিনায়ক টস করেন। তারপর তাঁরা একে অপরের সঙ্গে সৌজন্যমূলক হ্যান্ডশেক করেন। অবশেষে ড্রেসিংরুম থেকে দুটো দলের প্রথম একাদশ মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ায়। তারপর একে একে দুটো দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
Lmao, they played the Indian national anthem instead of Australia at Lahore for a couple of seconds by mistake.#ENGvsAUS pic.twitter.com/j5vhpiSV1O
— GOAT Sachin (@GOATSachin) February 22, 2025
তবে এমন ঘটনা একেবারেই প্রথমবার নয়। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজনের ত্রুটি থাকার জন্য আগেও আইসিসি-কে ক্ষোভের মুখে পড়তে হয়েছে। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই প্রশ্ন উঠছিল যে করাচি স্টেডিয়ামে কেন ভারতের পতাকা উত্তোলন করা হয়নি। যেখানে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকটা দেশের পতাকা তোলা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও প্রশ্নের মুখে পড়তে হয়। পরে অবশ্য নিজেদের ভুল বুঝতে পেরে তারা তড়িঘড়ি ভারতের পতাকা উত্তোলন করে।