
যশস্বী যশওয়াল এবং শুভমন গিল
শেষ আপডেট: 13 July 2024 19:54
দ্য ওয়াল ব্যুরো: এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। শনিবারের ম্যাচে ১০ উইকেটে শুভমনরা হারালেন সিকান্দরদের। ফলে সিরিজের শেষ ম্যাচ গুরুত্ব হারাল। শনিবারের জয়ে ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। পরের ম্যাচ শুধুই নিয়মরক্ষার।
এই সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে বিরাট সমালোচনার মুখে পড়েছিল ভারতীয় দল। একদিকে যখন টি-২০ বিশ্বকাপ জয় নিয়ে দেশে মাতামাতি চলছে, সেই আনন্দের মাঝেই জিম্বাবোয়ে প্রথম ম্যাচে হারায় ভারতকে। তবে পরপর তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের পকেটে পুরে নিলেন শুভমন, শিবমরা।
এদিন প্রথম ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫২ রান করে জিম্বাবোয়ে। তবে জবাবে ব্যাটে নেমে ১০ উইকেটেই ম্যাচ জেতে ভারত। ১৫.২ ওভারে ১৫৬ রান করে ম্যাচ তথা সিরিজ জিতে নিয়েছে ভারতের 'ছোটরা'। পাওয়ার প্লে-তে ভারত উইকেট না হারিয়ে করেছিল ৬১ রান। সেটাই কার্যত জয়ের ভিত গড়ে দেয়। এরপর উইকেট পড়লেও বিরাট ক্ষতি হয়তো হত না। কিন্তু বিপক্ষ বোলাররা কোনও ব্যাটারকে আউট করতে পারেননি।
ভারতের দুজন ওপেনারই অর্ধশতরান করেছেন। যশস্বী করেছেন ৫৩ বলে ৯৩ রান এবং শুভমন করেছেন ৩৯ বলে ৫৮ রান। যদিও প্রথমে ব্যাট করে শুরুটা ভালই করেছিল জিম্বাবোয়ে। প্রথম উইকেটের জুটিতে ৬৩ রান তোলে তারা। তবে তারপরই ক্রমাগত উইকেট পড়তে থাকে তাদের।