
টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতল ভারত
শেষ আপডেট: 5 June 2024 23:09
দ্য ওয়াল ব্যুরো: কোনও কঠিন প্রতিপক্ষ ছিল না। ভারতের তুলনায় বিপক্ষ দলকে 'শিশু' বলাই যেতে পারে। সেই আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। তবে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও একদমই রান পেলেন না আইপিএলে 'অরেঞ্জ ক্যাপ' পাওয়া বিরাট কোহলি।
এদিনের ম্যাচে ভারত টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। আর ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ৩ উইকেট নেন আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হার্দিক পান্ডিয়া। ২টি করে উইকেট পেয়েছেন আরশদীপ সিং এবং যশপ্রীত বুমরা। ১টি করে উইকেট তুলে নেন সিরাজ আর অক্ষর প্যাটেল। আয়ারল্যান্ডের হয়ে ৩০ রানও কোনও ব্যাটার করতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি অবশ্য আউট হননি, রিটায়ার্ড হার্ট হয়েছেন। তবে ব্যাটে একদমই ব্যর্থ বিরাট। ৫ বল খেলে মাত্র ১ রানে আউট হন তিনি। খেলতে পারেননি সূর্যকুমার যাদবও। ৪ বলে ২ রান করে ফেরেন সূর্য। রোহিতকে যোগ্য সঙ্গত দেন আবারও ভারতীয় দলে ফেরা ঋষভ পন্থ। ২৬ বলে ৩৬ রানে নট আউট ছিলেন তিনি।
৪৬ বল বাকি থাকতে ৮ উইকেটে এই ম্যাচ জিতে নেয় ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাশিত জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল নীল জার্সিধারীরা। এখন তাঁদের পরের লক্ষ্য পাকিস্তান ম্যাচ। আগামী ৯ জুন গোটা বিশ্ব যে ম্যাচের দিকে তাকিয়ে থাকবে।