ভদোদরায় প্রথম ওয়ানডেতে টস জিতে বল করার সিদ্ধান্ত শুভমন গিলের। আপাতত ৫ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড, ম্যাচে ফেরার চেষ্টা ভারতের।

কোহলি-গিল
শেষ আপডেট: 11 January 2026 16:51
দ্য ওয়াল ব্যুরো: ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে (Kotambi Stadium) সিরিজের প্রথম ওয়ানডেতেই জমজমাট শুরু। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। কিন্তু নতুন বলে ভারতীয় বোলারদের বিরুদ্ধে দাপুটে সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway) ও হেনরি নিকোলস (Henry Nicholls)।প্রথমেই শতরানের পার্টনারশিপ। দু’জনেই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন, ম্যাচের নিয়ন্ত্রণ কিছুক্ষণের জন্য পুরোপুরি ব্ল্যাক ক্যাপসদের দখলে চলে যায়।
তবে ইনিংসের মাঝপথে ম্যাচে ফেরার রাস্তা খুঁজে নেয় ভারত। তরুণ পেসার হর্ষিত রানার (Harshit Rana) একের পর এক আঘাতে ভাঙে ওই জুটি। কনওয়ে ও নিকোলস-দু’জনকেই ফিরিয়ে ভারতকে স্বস্তি দেন তিনি। শুরুতে চাপ থাকলেও এই ব্রেকথ্রুই ম্যাচে ভারসাম্য ফেরায় শিবিরে।
এই ম্যাচে ভারত ছ’জন বোলার নিয়ে নামায় টিম ম্যানেজমেন্টের কৌশল স্পষ্ট। স্পিন বিভাগে রয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। পেস আক্রমণের দায়িত্বে হর্ষিত রানার সঙ্গে ছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna)। ব্যাটিংয়ে সবচেয়ে বড় খবর, চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়ার পর বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। বিজয় হাজারে ট্রফিতে খেলে ফিটনেস প্রমাণ করে ফের একাদশে জায়গা করে নেন।
অন্যদিকে, এই ম্যাচে জায়গা হয়নি বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh)। নিউজিল্যান্ড শিবিরে নেতৃত্বে আছেন মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell)। ওপেনিং জুটির পাশাপাশি মিডল অর্ডারে ড্যারিল মিচেল (Daryl Mitchell), গ্লেন ফিলিপস (Glenn Phillips)-দের উপর ভরসা কিউইদের।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে (ODI World Cup 2027) সামনে রেখে এই সিরিজ দু’দলের কাছেই প্রস্তুতির মঞ্চ। ভদোদরায় প্রথম ম্যাচের পর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে রাজকোট (Rajkot) ও ইন্দোরে (Indore), ১৪ ও ১৮ জানুয়ারি। শুরুতেই সিরিজে ভাল ছন্দ ধরতে মরিয়া ভারত, আর সেই লক্ষ্যেই প্রথম ম্যাচে টসের সিদ্ধান্ত থেকে একাদশ—সবেতেই আক্রমণাত্মক বার্তা স্পষ্ট।