
শহিদ আফ্রিদি ও গৌরব বিধুরি
শেষ আপডেট: 30 April 2025 19:11
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে (Kashmir) মোতায়েন ৮ লক্ষের ভারতীয় ফৌজ অপদার্থ ও অকর্মণ্য। এই কারণেই নাকি পহেলগামে (Pahalgam) মর্মান্তিক হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা।
এই ভাষাতেই জওয়ানদের একহাত নিয়ে নাশকতার সমস্ত দায়ভার নিজেদের ঘাড় থেকে ঝেড়ে ফেলেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শহিদ আফ্রিদি (Shahid Afridi)। পরপর দু’দিন দুটি সাক্ষাৎকার দেন। তাতে একই সুরে আক্রমণ শানিয়েছিলেন। জোর গলায় জানান, ইসলাম তাঁদের শান্তির শিক্ষা দিয়েছে। পাকিস্তানও নাশকতাকে সমর্থন করে না। জঙ্গিদের যদি কেউ তোল্লাই দিয়ে থাকে, সেটা ভারত।
এই ইস্যুতে এবার আফ্রিদিকে পাল্টা জবাব দিলেন গৌরব বিধুরি (Gaurav Bidhuri)। ২০১৭ সালে জার্মানিতে আয়োজিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ জেতেন গৌরব। পহেলগাম ইস্যুতে আফ্রিদি যেভাবে ভারতকে অকর্মণ্য দেগে দিয়েছেন, তাতে পাল্টা পাঞ্চ হেনেছেন তিনি। বলেছেন, ‘সারা দেশ হামলার ঘটনায় এখনও ঘোরে রয়েছে। আর এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ নিয়েছে তাতেই পাকিস্তানের ঘুম উড়েছে। আফ্রিদির ইন্টারভিউয়ের জবাবে আমি জানাতে চাই, ১৯৭১ সালে ৯৩ হাজার পাকিস্তানি সেনা আমাদের জওয়ানদের হাতে আত্মসমর্পণ করে। তাই আমাদের ক্ষমতা নিয়ে কিছু বলতে এসো না।‘
এখানেই না থেমে সুর চড়িয়ে গৌরব যোগ করেন, ‘যদি এর প্রমাণ চান, কেন তোমাদের সেটা দেখাব? সারা দুনিয়া জানে, পাকিস্তান জঙ্গি সংগঠনগুলিকে সাহায্য করে। তা ছাড়া পাকিস্তানে ঘাঁটি গেঁড়ে থাকা জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স (TRF) এই হামলার দায়ও ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে।‘
নিজের সাক্ষাৎকারে আফ্রিদি ক্রীড়া-কূটনীতির পক্ষে সওয়াল করেছিলেন। পাকিস্তান সাহায্যের হাত বাড়ালেও ভারত অসহযোগিতা করেছে বলে অভিযোগ করেন তিনি। গৌরব এ নিয়েও সরব। বলেন, ‘সম্প্রতি আমাদের অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া কীভাবে তোমাদের অলিম্পিক চ্যাম্পিয়ন নাদিমকে আমন্ত্রণ জানায়—কূটনীতি নিয়ে বলতে গেলে এই বিষয়টি আমি নজরে আনতে চাই। তোমাদের পিএসএল রয়েছে। আমাদের আইপিএল। একবার দ্যাখো, সারা ক্রিকেটবিশ্ব কোথায় খেলছে। তোমরা বলছ, ভারতে নাকি তোমাদের হুমকির মুখে পড়তে হয়েছে। দয়া করে বোঝার চেষ্টা করো, গোটা দুনিয়া এখানে খেলছে। আর তোমাদের দেশে কেউ যাচ্ছে না। তোমরা পাগল হয়ে গিয়েছ। কিন্তু সবাই জানে পাকিস্তান আসলে কী।‘