
টি-২০ বিশ্বকাপ জয়ের পর প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহর সঙ্গে রোহিত এবং হার্দিক
শেষ আপডেট: 21 January 2025 19:06
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পাকিস্তানের উপর পড়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। কিন্তু, আপনারা কি জানেন যে এই বছর আইসিসি আর কতগুলো টুর্নামেন্ট আয়োজন করবে? পাশাপাশি এই টুর্নামেন্টগুলো আয়োজনই বা করবে কোন কোন দেশ?
এই চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার ২০২৬ টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হবে। ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে। ২০২৫ সালে এই চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া আইসিসি আর কোনও টুর্নামেন্ট আয়োজন করছে না। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ভারত এবং শ্রীলঙ্কার যুগ্ম দায়িত্বে টি-২০ বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে।
এই টি-২০ বিশ্বকাপের পর আবার ২০২৭ সালে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হবে। এই টুর্নামেন্টের আয়োজন দক্ষিণ আফ্রিকা ছাড়া জিম্বাবোয়ে এবং নামিবিয়া করবে। উল্লেখ্য, ২৪ বছর পর আফ্রিকার মাটিতে আরও একবার ওয়ানডে বিশ্বকাপের আসর বসতে চলেছে।
এরপর ২০২৭ সালে আর কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজন করা হবে না। তবে ঠিক একবছর পর অর্থাৎ, ২০২৮ সালে (অক্টোবর মাসে) টি-২০ বিশ্বকাপের আসর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বসতে চলেছে। ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পাকিস্তানের উপর পড়েছে। এই টুর্নামেন্টও অক্টোবর মাসেই আয়োজন করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল টিম ইন্ডিয়া। ফাইনাল ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করে। ইতিপূর্বে, ২০০৭ সালে ভারত প্রথমবার ২০ ওভারের বিশ্বকাপ জয় করেছিল। সেইসময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
এরপর ২০৩০ সালে ফের টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হবে। এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের উপর পড়েছে। ২০৩০ সালের জুন মাসে এই টি-২০ বিশ্বকাপ খেলা হবে। এর পরের বছর অর্থাৎ ২০৩১ সালে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিশ্বকাপ ভারত এবং বাংলাদেশ যুগ্মভাবে করবে বলে জানা গিয়েছে। ২০৩১ সালের অক্টোবর-নভেম্বর মাসে এই টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে।