
শেষ আপডেট: 8 December 2023 16:29
দ্য ওয়াল ব্যুরো: আইসিসি-র পিচ রিপোর্ট প্রকাশ পেল সম্প্রতি। বিশ্বকাপ ফাইনালে আমদাবাদে ভারতীয় দল হার মানার পরে শিরোনামে এসেছিল মাঠের বাইশগজ। বলা হয়েছিল অতিরিক্ত স্লো পিচ করেই ভারতকে সমস্যায় ফেলে দেওয়া হয়।
ভারতের কোচ রাহুল দ্রাবিড়ও পিচ নিয়ে বলেছিলেন, আমরা যা বলেছিলাম, সেটি আমরা পাইনি! এই নিয়ে বিতর্কও হয়। কিন্তু আইসিসি বিশ্বকাপের সব কেন্দ্রের পিচ রিপোর্ট সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে মোদীর শহরে আমদাবাদের পিচকে অ্যাভারেজ বলা হয়েছে। তার মানে গড় রেটিং পেয়েছে ওই মাঠ। একই স্কোর করেছে ইডেনের দ্বিতীয় সেমিফাইনালের পিচও। সেটিও অ্যাখ্যা পেয়েছে গড় রেটিং।
আইসিসি-র তালিকায় কোনও মাঠই খারাপ রেটিং পাইনি। বরং মুম্বইয়ে প্রথম সেমিফাইনাল ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের খেলা যে বাইশগজে হয়েছিল, সেটিকে খুব ভাল বলা হয়েছে। সেটিতে ১০ স্কোরের মধ্যে নয় পেয়েছে বলে মনে করছে ক্রিকেটমহল।
আইসিসি যে এখনও বেশি রানের পিচকে এগিয়ে রাখতে চায়, সেটি রিপোর্ট কার্ড প্রকাশ হওয়ার পরেই জানা গিয়েছে। কম রানের পিচকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি।
আইসিসি বিশ্বকাপের জন্য মোট ৭টি পিচকে রেটিং দিয়েছে। এর মধ্যে ফাইনালসহ ৫টি পিচ ‘গড় রেটিং’ পেয়েছে। দুটি পিচ ভাল রেটিং অর্জন করেছে। ফাইনালের জন্য পিচ রেটিং দিয়েছেন আইসিসি ম্যাচ রেফারি এবং প্রাক্তন জিম্বাবোয়ের ব্যাটসম্যান অ্যান্ডি পাইক্রফট। দ্বিতীয় সেমিফাইনালের উইকেট রেটিং দেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাভাগল শ্রীনাথ।