
শুভমান গিল এবং মহম্মদ সামি
শেষ আপডেট: 21 February 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচে ভারত এবং বাংলাদেশ খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে রোহিত শর্মার দল সেমিফাইনালের টিকিট কার্যত কনফার্ম করে ফেলেছে।
ভারতীয় ক্রিকেট দল ২ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ভারতকে এবার পরের দুটো ম্যাচ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়া তাদের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটা জিততে পারলেই ভারতে সামনে সেমিফাইনালের দরজা খুলে যাবে।
অন্যদিকে, পাকিস্তানের বিপদ ঘণ্টা ইতিমধ্যেই বাজতে শুরু করেছে। কারণ প্রথম ম্যাচেই মহম্মদ রিজওয়ানের দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬০ রানে হেরে গিয়েছিল। আর এই পরাজয়ের কারণে সেমিফাইনালের স্বপ্ন কার্যত চুরমার হয়ে গিয়েছে আয়োজক দেশের।
পয়েন্টস টেবিলে পাকিস্তান আপাতত সবার নীচে দাঁড়িয়ে রয়েছে। সেমিফাইনালে উঠতে গেলে পরের দুটো ম্যাচ তাদের জিততেই হবে। তবে গত ম্যাচে পাক ব্যাটাররা যে পারফরম্যান্স করলেন, তা দেখার পর মহম্মদ সামি কিংবা হর্ষিত রানাদের সামনে কতটা দাঁড়াতে পারবেন, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার উপরে আগামী ম্যাচে যদি কুলদীপ যাদবের পরিবর্তে বরুণ চক্রবর্তীকে খেলায় টিম ইন্ডিয়া, তাহলে তো পোয়াবারো। এই পরিস্থিতিতে পাকিস্তানের উপর যে চাপ উত্তরোত্তর বাড়বে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।