
জিম্বাবোয়ে ক্রিকেট টিম
শেষ আপডেট: 23 April 2025 18:25
দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস গড়ল জিম্বাবোয়ে (Zimbabwe)। সাত বছর বাদে কোনও অ্যাওয়ে টেস্ট (Away Test) জিতল তারা। হারাল বাংলাদেশকে (Bangladesh)। সেটাও তাদের ঘরে গিয়ে। এই নিয়ে সব মিলিয়ে চারটি অ্যাওয়ে টেস্ট জিতল আফ্রিকার ক্রিকেট দল। উল্লেখ্য, ঘরের বাইরে জিম্বাবোয়ের প্রথম জয়টিও এসেছিল বাংলাদেশের বিরুদ্ধেই, সেই ২০১৮ সালে৷
আজ টানটান লড়াইয়ে শেষমেশ ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয় ক্রেগ আরভিনের দল৷ মোট নয় উইকেট, দ্বিতীয় ইনিংসে ছ’টি উইকেট তুলে ম্যাচের নায়ক জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারাবানি। দীর্ঘদেহী পেসারের গতিমান বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা।
টেস্টের ভবিতব্য যদিও প্রথম ইনিংসেই মোটামুটি ঠিক হয়ে গেছিল৷ দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমে হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স উপহার দেন বাংলাদেশি ব্যাটাররা। মাত্র ১৯১ রানেই অল আউট হন তাঁরা। বল হাতে শুরুতেই ৩ উইকেট নিয়ে প্রাথমিক ধাক্কা দেন মুজারাবানি। জবাবে নেমে জিম্বাবোয়ে তোলে ২৭৩ রান।
এই পিছিয়ে থাকা রানের অঙ্ক দ্বিতীয় ইনিংসে আরও চেপে বসে বাংলাদেশের খেলোয়াড়দের উপর। আরও বিধ্বংসী মেজাজে ধরা দেন মুজারাবানি। ৭২ রানের বিনিময়ে তুলে নেন ৬ উইকেট৷ শান্ত ১০৫ বলে ৬০ রান তুলে প্রত্যাঘাতের চেষ্টা করেছিলেন বটে। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। সঙ্গত দেন জাকের আলি। ১১১ বলে তাঁর সংগ্রহ ৫৮ রান। জিম্বাবোয়ের জন্য শেষ পর্যন্ত ১৭৪ রানের টার্গেট দাঁড় করায় বাংলাদেশ। ব্রায়ান বেনেট এবং বেন কারেনের ৯৫ রানের ওপেনিং জুটির সৌজন্যে নির্ধারিত টার্গেট সহজেই তুলে ফেলে জিম্বাবোয়ে৷