দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানে (Mohun bagan) নয়া বিতর্ক। সবুজ মেরুনে নির্বাচনের (Election) দামামা বাজছে। তার মধ্যেই দুই শীর্ষ কর্তার (Official) মধ্যে কোন্দল সামনে এল।
এতদিন ধিকিধিকি করে জ্বলছিল, এবার সেটাই সামনে এসেছে। মোহনবাগানের কর্মসমিতির দুই সদস্যের এমন প্রকাশ্যে বিতর্কে জড়িয়ে যাওয়ার ঘটনায় সবাই হতবাক।
মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘মোহনবাগানের পরিবেশ কলুষিত করছেন দেবাশিস দত্ত। তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। দলের সমর্থকদের তিনি পাত্তা দেন না, তাঁর এই অহংকার শেষের পথে।’’
এখানেই শেষ না করে সবুজ মেরুনের এই পদাধিকারী আরও বলেছেন, ‘‘দেবাশিস আমাকে চাপ খাওয়ানোর চেষ্টা করছেন, কিন্তু আমি জানিয়ে রাখি, আমি শুরু থেকেই চাপের মধ্যে বড় হয়েছি। আমি চাপ খাই না, আমি চাপ দিই সকলকে।’’
দেবাশিস এই কথার কোনও গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, আমার কিছু বলার ইচ্ছে নেই। বাবুন যেহেতু মুখ্যমন্ত্রীর ভাই, ওর অনেক সুবিধে রয়েছে। আমি কিছু বলে ওর গুরুত্ব বাড়াব না। শুধু এটুকু জানি, আমি কোনও অন্যায় করিনি, আমি নিজের কাজের বিষয়ে সৎ।
এর আগে দেবাশিসও মুখ্যমন্ত্রীর ভাই সম্পর্কে বলেছিলেন, বাবুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলে এত গুরুত্ব পায়, যদি না থাকত, তা হলে বোঝা যেত।
এবার বাবুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রয়াত মোহনবাগান সচিব অঞ্জন মিত্রের ঘনিষ্ঠদের নিয়ে একটা গ্রুপ গড়ে তোলার চেষ্টা করছেন। এই অঞ্জন মিত্রের হাতে গড়া কর্তা হলেন দেবাশিস। বাবুনের অভিযোগ, দেবাশিসের মধ্যে কোনও কৃতজ্ঞতা নেই। যে কর্তা ওঁকে পরিচিতি দিল, ও তাঁর বিরুদ্ধে গিয়েছিলেন ক্ষমতার জন্য। অঞ্জনের মেয়ে সোহিনীর সঙ্গেও এখন আর যোগাযোগ রাখেন না।
দেবাশিস এই কথার কোনও গুরুত্ব দিতে নারাজ। তিনি জানিয়েছেন, গত নির্বাচনে বাবুন অঞ্জন মিত্রদের তোল্লাই দিয়ে পরে গোষ্ঠী বদল করে টুটু বসুদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। সেই ব্যক্তি এসব কথা বলে কী করে!
দেবাশিসের সঙ্গে বাবুনের সংঘাত নতুন নয়। শুরু থেকেই আদায়-কাচকলায় সম্পর্ক। কেউ কাউকে দেখতে পারেন না, এমনকি হাই-হ্যালো সম্পর্কও নেই। এমনকি মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুর সঙ্গেও বাবুনের সম্পর্ক খুব ভাল, এমন কোনও খবর নেই।