পরে কিছু সূত্র দাবি করে, আয়োজকেরা ইচ্ছাকৃতভাবেই সেই শো–এলিমেন্ট উৎসাহ দিয়েছিলেন, মূলত দর্শক টানতে। তবু দাবাড়ুদের বড় অংশের কাছে নাকামুরার অঙ্গভঙ্গি ছিল ‘অসম্মানজনক’।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 28 October 2025 15:22
দ্য ওয়াল ব্যুরো: স্ট লুইসের (St. Louis) বোর্ডে এবার পাশা পাল্টে গেল, উলটে গেল গল্প। কয়েক সপ্তাহ আগেই (Hikaru Nakamura) হিকারু নাকামুরার রাজা–ছোড়ার ঘটনায় (King-throwing controversy) যে বিতর্ক দানা বেঁধেছিল, সেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে এবার নিখুঁত জয় ছিনিয়ে নিলেন বিশ্বচ্যাম্পিয়ন (World Champion) ডি গুকেশ (D Gukesh)। তবে জেতার পর ‘প্রতিশোধসুলভ’ কোনও নাটক নয়, কোনও বাড়তি উচ্ছ্বাস নয়—গুকেশ করলেন একদম উলটো কাজ… নিঃশব্দে গুছিয়ে রাখলেন দাবার গুটি। স্বভাবোচিত শান্ত, ধীর মেজাজে!
অনুরাগীদের কাছে এই জয় প্রতিশোধের। তবে গুকেশ নিজের স্বভাব ছেড়ে বেরলেন না। ক্লাচ দাবা প্রতিযোগিতার (Clutch Chess Champions Showdown 2025) র্যাপিড ফরম্যাটে (Rapid format) দ্বিতীয় রাউন্ডের প্রথম গেমেই নাকামুরাকে পরাস্ত করেন তিনি। কালো ঘুঁটি হাতে কৌশলে, পরিকল্পনায়, স্থিরতায়—সবদিক থেকেই এগিয়ে রইলেন ভারতীয় তরুণ। ম্যাচের শেষে কোনও আবেগপ্রকাশ নয়, বরং নিজের মতো বোর্ড ঠিকভাবে গুছিয়ে রেখে উঠে গেলেন। এই সাধারণ অথচ ভদ্র আচরণেই মুগ্ধ দাবা–বিশ্ব।
এর আগে মার্কিন মুলুকে একটি এক্সিবিশন ইভেন্টে (Checkmate: USA vs India) গুকেশকে হারানোর পর নিজের রাজা ঘুঁটিটি তুলে দর্শকের দিকে ছুড়ে দেন নাকামুরা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভিডিও, বয়ে যায় সমালোচনার ঝড়। অনেক গ্র্যান্ডমাস্টারই মন্তব্য করেন, ‘এই আচরণ খেলার মর্যাদা নষ্ট করেছে।’ যদিও পরে কিছু সূত্র দাবি করে, আয়োজকেরা ইচ্ছাকৃতভাবেই সেই শো–এলিমেন্ট উৎসাহ দিয়েছিলেন, মূলত দর্শক টানতে। তবু দাবাড়ুদের বড় অংশের কাছে নাকামুরার অঙ্গভঙ্গি ছিল ‘অসম্মানজনক’। যিনি নিজে বলেন, ‘পুরোটাই পরিকল্পিত, শুধু বিনোদনের জন্যই করেছি!’
তখনও গুকেশের শান্ত প্রতিক্রিয়াই সবার মন জয় করে নিয়েছিল। কোনও প্রতিবাদ নয়, মন্তব্য নয়—বোর্ডে বসেই গুটি সাজিয়েছিলেন তিনি। সেই মুহূর্তের ছবি নাকামুরার উল্লাসের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়! মাস ঘোরার আগে ফের একই কারণে চর্চায় দোম্মারাজু গুকেশ।