
শেষ আপডেট: 26 January 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বাতিল হয়ে গেলেন শোয়েব মালিক। তিনি খেলছিলেন ফরচুন বরিশালের হয়ে। গত ২২ জানুয়ারি খুলনা টাইগার্সের বিরুদ্ধে ম্যাচের সময় দেখা যায় শোয়েব তাঁর চতুর্থ ওভারে ১৮ রান দেন।
শুধু তাই নয়, ওই ওভারে তিনটি নো বল করেছিলেন সানিয়া মির্জার প্রাক্তন স্বামী। সেটি নিয়ে তদন্ত করে দেখা যায়, শোয়েব ইচ্ছাকৃত নো বল করেছিলেন। তারপরেই ফরচুন বরিশাল দলের পক্ষ থেকে শোয়েবকে ছাঁটাই করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ লিগের দুর্নীতি দমন শাখার কর্তারা শোয়েবের বোলিং অ্যাকশন ভিডিও রিপ্লেতে দেখে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।
এমনিতেই শোয়েব বিতর্ক ও চাপে রয়েছেন। সানা জাভেদের সঙ্গে গত শনিবারই বিয়ে করেছেন তিনি। সানিয়াই বিচ্ছেদ চেয়ে শোয়েবের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন। তার মধ্যেই গড়াপেটা বিতর্কে নাম উঠল এই প্রাক্তন পাক তারকার।
শোয়েব স্পিন বোলিং করেন। তারপরেও তিনি কীভাবে ক্রিজ পেরিয়ে গেলেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। ফুরচুন বরিশাল দলের অধিনায়ক তামিম ইকবালও মাঠে বিরক্তি প্রকাশ করেছেন শোয়েবের বোলিং দেখে। মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনায় পাক ক্রিকেটার এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে রয়েছেন।