
শেষ আপডেট: 17 January 2024 09:13
দ্য ওয়াল ব্যুরো: ডানেডিনে ওপেনিংয়ে নামার সময় তিনি হয়তো কল্পনাও করেননি যে এমন কিছু হবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেনের ব্যাটে তখন ঝড় উঠেছে। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন ব্যাটার। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেওয়ার সময় গড়েছেন ইতিহাসও। পাকিস্তান বোলারদের তুলোধনা ১৬ ছক্কায় বিশ্বরেকর্ড করে ফেলেছেন অ্যালেন। টি-২০-র এক ইনিংসে এখন সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ফিন অ্যালেনের।
পাকিস্তানের বিপক্ষে রীতিমতো ঝোড়ো ইনিংস খেলেছেন অ্যালেন। ওপেনার ফিন অ্যালেন দুর্দান্ত ছন্দে ছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড এত দিন একচেটিয়া ছিল হজরতউল্লাহ জাজাইয়ের দখলে। ফিনের ৬২ বলে ১৩৭ রানের ঝোড়ো ইনিংস সব বেঙেচুরে দিয়েছে। ৪৮ বলেই তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬২ বলে ১৩৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন ফিন। ফেরার আগে মেরেছেন ৫টি চার ও ১৬টি ছয়।
কিউইদের ফরম্যাটে এটাই তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এবং সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও বটে। নিউজিল্যান্ড তো বটেই, টি-টোয়েন্টির ইতিহাসে এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। ফিনের ঝোড়ো ব্যাটিংয়ে নাকানিচোবানি খেতে হয় পাকিস্তানের হারিস রৌফকে। তিনি হজম করেছেন ৬টি ছক্কা।
ফিনের ব্যাটিং দেখে আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের কথাই মনে করছেন অনেকে। ২০১৯ সালে দেহরাদূনে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে এক ইনিংসে ১৬টি ছক্কা মেরেছিলেন জাজাই। ১৫টি ছয় মেরে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন হাঙ্গেরির জিসান কুকিখেল। ২০২২ সালে অস্ট্রিয়ার বিরুদ্ধে ছক্কার রেকর্ড করেছিলেন তিনি। ১৪টি ছয় মেরে এর পরেই আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ১৪টি ছয় মারার রেকর্ড আছে স্কটল্যান্ডের এইচজি মুনসেরও।