
শেষ আপডেট: 25 December 2023 11:44
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিল আদৌ খেলতে পারবে কিনা তাই নিয়েই সংশয় দেখা দিয়েছে। আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফার রোষের মুখে পড়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী দল। ফিফার তরফে ব্রাজিল ফুটবল দলকে সাসপেন্ড করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে!
কেন ব্রাজিল ফুটবল দল সমস্যায় পড়তে পারে? সংবাদমাধ্যম সূত্রের খবর, দেশের ফুটবল সংস্থার ওপর আদালতের হস্তক্ষেপ মানতে পারছে না ফিফা।
ঘটনার সূত্রপাত ২০২২ সালে। ব্রাজিল ফুটবল সংস্থার নির্বাচনে সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ ও তাঁর কমিটির বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ ওঠে। মামলা গড়ায় আদালতে। তারপরই আদালত নির্দেশ দেয়, গোটা কমিটি ভেঙে দিতে হবে। রদ্রিগেজ-সহ সকলকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করেন রদ্রিগেজ। যদিও নির্দেশের কোনও পরিবর্তন হয়নি। দেশের ফুটবল সংস্থার ওপর সে দেশের সরকার, আদালত কিংবা তৃতীয় কোনও ব্যক্তির কোনও রকম হস্তক্ষেপ বরদাস্ত করে না ফিফা। তাদের বক্তব্য, প্রতিটি দেশের ফুটবল সংস্থা স্বতন্ত্র। তাই তাদের মধ্যে কোনও সমস্যা হলে সেটা নিজেদেরকে মিটিয়ে নিতে হবে।
ব্রাজিল ফুটবল সংস্থাকে চিঠি দিয়ে ফিফা জানিয়েছে, রদ্রিগেজকে সরানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। যদি ফিফার এই নির্দেশ অমান্য করে ব্রাজিল ফুটবল সংস্থা, তবে তাদের আন্তর্জাতিক মঞ্চে সাসপেন্ড করা হবে।
এই বিষয়ে একটি কমিটিও তৈরি করা হয়েছে। তারাই বিষয়টি খতিয়ে দেখবে। ব্রাজিল ফুটবল সংস্থার সঙ্গে যোগাযোগ করবে এই কমিটির সদস্যরা। যে অভিযোগ উঠেছে তা বিচার করে পরবর্তী নির্দেশ দেবে ফিফা। তার আগে কোনও পদক্ষেপ করা যাবে না।