.jpeg)
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 11 December 2024 23:19
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা থেকে যাঁরা ফুটবল বিশ্বকাপ দেখতে যান, তাঁদের মাথায় হাত পড়তে পারে। কারণ, ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপ হবে ৬টি দেশ মিলিয়ে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বুধবার একসঙ্গে পর পর দুটি বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে। ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করবে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৬টি দেশ। অন্যদিকে, ২০৩৪ সালের বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। ফিফার বিশেষ কংগ্রেসে ভার্চুয়াল ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
২০৩০ বিশ্বকাপের আয়োজক স্পেন, পর্তুগাল, মরক্কো
ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে ২০৩০ সালের আসর আয়োজনের ক্ষেত্রে একটি বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। মূল আয়োজক হিসেবে থাকছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে প্রথম বিশ্বকাপের স্মৃতিচারণ করতে উদ্বোধনী ম্যাচগুলি আয়োজিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।
২০৩৪ বিশ্বকাপ: সৌদি আরবের প্রথমবার
২০৩৪ সালের বিশ্বকাপের জন্য সৌদি আরব ছিল একমাত্র আবেদনকারী দেশ। তাই ভোটাভুটির প্রক্রিয়া ছিল সহজ। একক আয়োজক হিসেবে পশ্চিম এশিয়ার এই দেশটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।
বুধবার ভার্চুয়াল কংগ্রেসে ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিনিধিরা ভিডিও লিংকের মাধ্যমে অংশ নেন। প্রস্তাবিত আয়োজকদের নাম আনুষ্ঠানিকভাবে পেশ করা হয় এবং প্রতিনিধিদের সমর্থন জানানোর আহ্বান জানানো হয়। আয়োজক দেশের তালিকায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রক্রিয়াটি খুবই স্বচ্ছ ও সহজ ছিল।
স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে ইউরোপ ও আফ্রিকার সমন্বয়ে একটি বিশেষ অধ্যায় যুক্ত হবে ২০৩০ বিশ্বকাপের ইতিহাসে। অন্যদিকে, ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে সৌদি আরব বিশ্ব ফুটবলে নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করা হচ্ছে।