
শেষ আপডেট: 10 June 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো: লাগাতার ব্যর্থতার জের। আইপিএলেও ভাল খেলতে পারেননি। টি ২০ বিশ্বকাপেও ব্যাটে রান নেই। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শূন্য রান করে অপরাজিত ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে সাত বলে তিন রান করে কাণ্ডজ্ঞানহীনভাবে আউট হয়ে গিয়েছেন।
এরপর থেকেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে শিবমের পারফরম্যান্স নিয়ে। ৩০ বছরের ব্যাটিং অলরাউন্ডারকে নিয়ে কটাক্ষ শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে, শিবম কবে ভাল খেলবেন? বরফ পড়লে, কিংবা তুষারপাত শুরু হলে! শিবম যখন টি ২০ বিশ্বকাপ দলে স্থান পেলেন, সেইসময় বিশেষজ্ঞদের একটা অংশ বলতে শুরু করেছিলেন, ‘‘কেন শিবম? কেন রিঙ্কু নন?’’
সেইসময় রোহিত শর্মাকেও আসরে নামতে হয়। তিনি জানান, ‘‘শিবমকে নেওয়ার একটাই কারণ, তাঁর মিডিয়াম পেস বোলিং, যা রিঙ্কুর নেই। কেকেআর তারকা শুধু ব্যাটিংয়েই দলকে টানার ক্ষমতা রাখেন। যে দলে সিরাজ, অর্শদীপ, বুমরা, জাদেজা, চাহাল, হার্দিক, অক্ষর প্যাটেলদের মতো বোলার রয়েছেন, সেই দলে কি বাড়তি অলরাউন্ডারের প্রয়োজন রয়েছে? সেই নিয়েই প্রশ্ন উঠছে।
সোশ্যাল সাইটে প্রবলভাবে রিঙ্কু সিংকে দলে নেওয়ার দাবি উঠেছে। নাইট তারকা এমনিতেই ভারতের রিজার্ভ দলে রয়েছেন। তিনি এবারের আইপিএলে ভাল খেলার সুযোগ না পেলেও তাঁর জাতীয় দলের জার্সিতে ফর্ম মন্দ নয়। তাই সামনের ম্যাচে শিবম বাদ পড়বেন কিনা, সেই নিয়ে জল্পনার মধ্যেই রিঙ্কুকে ফেরানোর ডাকও উঠল। যিনি দলের শোচনীয় পরিস্থিতিতে বারবার রুখে দাঁড়িয়ে সমর্থকদেরও ভরসার যোগ্য নাম হয়ে উঠেছেন।