.png)
আরশাদ নাদিমের সঙ্গে নীরজ চোপড়া
শেষ আপডেট: 21 April 2025 17:11
দ্য ওয়াল ব্যুরো: ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। অলিম্পিক্সে জোড়া পদক রয়েছে তাঁর। একটি সোনা ও একটি রুপো। এই কৃতিত্ব আর কোনও ভারতীয় অ্যাথলিটের নেই। পাশাপাশি বিশ্ব খেতাবও রয়েছে এই ভারতীয় জ্যাভলারের ঝুলিতে।
তিনি নীরজ চোপড়া। ভারতীয় অ্যাথলেটিক্সের আইকন তিনি। তাঁকে দেখে দেশের নতুন প্রজন্ম জ্যাভলিনের (Javelin) প্রতি আগ্রহী হচ্ছে। এবার তাঁকে নিয়ে ভারতের মাটিতে বসতে চলেছে জ্যাভলিনের মেগা ইভেন্ট। ২৪ মে শুরু হবে ‘নীরজ চোপড়া ক্লাসিক’ (Neeraj Chopra Classic)। প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা জেএসডব্লিউ স্পোর্টস। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে (Bengaluru)।
‘নীরজ চোপড়া ক্লাসিক’এ আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের (Pakistan) জ্যাভালার আরশদা নাদিমকে (Arshad Nadim)। নীরজ নিজেই এই আমন্ত্রণ জানিয়েছেন। আসলে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে(Track & Field) তাঁরা চরম প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে ঘনিষ্ঠ বন্ধু। প্যারিস অলিম্পিক্সে নীরজকে টপকে সোনা জিতেছিলেন নাদিম। ভারতীয় জ্যাভলার জিতেছিলেন রুপো। এরপর নাদিমকে নিজের ছেলে হিসাবে উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছিলেন নীরজের মা।
আসন্ন টুর্নামেন্ট প্রসঙ্গে নীরজ বলেন, “আরশাদের সঙ্গে ইতিমধ্যেই আমার কথা হয়েছে। ও জানিয়েছে, কোচের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে। আপাতত বেশ কিছু শীর্ষ জ্যাভলারকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এর মধ্যে সরকারি বিষয়ও রয়েছে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলেই চূড়ান্ত তালিকা জানিয়ে দেব।”
জানা গিয়েছে, এই টুর্নামেন্টে আসতে পারেন গ্রানাডার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সও। পিটার্সের ক্যাবিনেটে দু’টি বিশ্বচ্যাম্পিয়ন খেতাব-সহ অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকও রয়েছে। আসতে পারেন প্রাক্তন অলিম্পিক্স চ্যাম্পিয়ন থমাস রোহলারও। থাকবেন অলিম্পিক্স পদকজয়ী, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইউলিয়াস ইয়েগোও। আমেরিকান জ্যাভলার কার্টিস থম্পসনও এই ইভেন্টে অংশ নিতে চলেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। ভারতীয় জ্যাভলারদের মধ্যে থাকতে পারেন রোহিত যাদব-সহ আরও তিন-চারজন।
ইতিমধ্যে বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার অনুমোদন পেয়ে গিয়েছে একদিনের এই ইভেন্ট। প্রথমে হরিয়ানার পঞ্চকুলায় এই ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা নেওয়া হলেও প্রতিযোগিতাটি হবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। কারণ, বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার সমস্ত চাহিদা পূরণে সক্ষম এই স্টেডিয়াম। এই বিষয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামইয়াও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।