
আউট হয়ে ফিরছেন জো রুট এবং জস বাটলার
শেষ আপডেট: 1 March 2025 22:47
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের পারফরম্যান্স গোটা ক্রিকেট বিশ্বকে হতাশ করেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ৭ উইকেটে হেরে গেল। এই ম্যাচ জেতার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা গ্রুপ বি থেকে শীর্ষস্থান দখল করল।
১৮০ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা অবশ্য শুরুটা ভাল করতে পারেননি। দলের ওপেনার ট্রিস্টান স্টাবস শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর রায়ান রিকলটন এবং রাসি ভ্যান ডার ডুসেন দক্ষিণ আফ্রিকার হাল ধরলেন। যদিও রায়ান ২৭ রান করেই আউট হয়ে যান। তিনি ফিরে যাওয়ার পর রাসি ভ্যান ডার ডুসেন এবং হেনরিক ক্লাসেনের মধ্যে শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই যুগলবন্দিই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করে। হেনরিক ক্লাসেন ৫৬ বলে ৬৪ রান করেন। তাঁর এই ইনিংসে ১১ চার রয়েছে। অন্যদিকে, রাসি ভ্যান ডার ডুসেন ৭২ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের জোফ্রা আর্চার ৫৫ রান দিয়ে জোড়া উইকেট শিকার করেছেন।
ইতিপূর্বে ইংল্যান্ডের ব্যাটাররা অবশ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশেষ নজর কাড়তে পারেননি। আফ্রিকার বোলাররা ইংল্যান্ডকে মাত্র ১৭৯ রানেই গুটিয়ে দেয়। এটাই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বনিম্ন স্কোর। দক্ষিণ আফ্রিকার হয়ে ইয়ান মুল্ডার এবং মার্কো জেনসেন বল হাতে তিনটে করে উইকেট শিকার করেছেন।
ব্রিটিশ ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেন জো রুট। এই ম্যাচে তিনি ৩৭ রান করেছেন। মুল্ডার এবং জেনসেন ছাড়াও কেশব মহারাজ জোড়া উইকেট শিকার করেন। এছাড়া লুঙ্গি এনগিডি এবং কাগিসো রাবাডা একটি করে উইকেট শিকার করেছেন।