বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের দুই গর্ব, দীপ্তি শর্মা ও রিচা ঘোষকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের পক্ষ থেকে পাঠানো হয়েছে আনুষ্ঠানিক অভিনন্দনপত্র। শিগগিরই ঘোষণা হবে সংবর্ধনার তারিখ ও স্থান।

গ্রাফিক্স: দ্য ওয়াল
শেষ আপডেট: 4 November 2025 22:17
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর এবার বাংলার দুই গর্ব রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে বিশেষ সংবর্ধনা দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। মঙ্গলবার ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়।
ইস্টবেঙ্গল ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, “ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের দুই গর্বিত সদস্যা রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে ইস্টবেঙ্গল ক্লাব আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। তাঁদের অসাধারণ পারফরম্যান্স শুধু দেশকেই গর্বিত করেনি, বাংলার ক্রিকেট ঐতিহ্যকেও আরও উজ্জ্বল করেছে।”
ক্লাবের সভাপতি এম.এল. লোহিয়া দুই ক্রিকেটারের উদ্দেশে শুভেচ্ছা বার্তা ও আনুষ্ঠানিক অভিনন্দনপত্র পাঠিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইস্টবেঙ্গলের কোটি কোটি সমর্থকের পক্ষ থেকে তাঁদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য শুভেচ্ছা ও গর্ব প্রকাশ করা হচ্ছে।”
লাল-হলুদ শিবির জানিয়েছে, বাংলার সম্মান বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে খুব শীঘ্রই রিচা ও দীপ্তিকে সংবর্ধনা জানানো হবে। সংবর্ধনার দিন ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে।
ইস্টবেঙ্গলের ভাষ্য অনুযায়ী, শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ উত্তরবঙ্গের ক্রীড়া চেতনার প্রতীক এবং লাল-হলুদ ভাবধারার সঙ্গে পরিচিত পরিবেশে বড় হয়েছেন। অন্যদিকে, দীপ্তি শর্মা দীর্ঘদিন বাংলার হয়ে খেলেছেন ও এখান থেকেই জাতীয় দলে জায়গা করে বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করেছেন।
ক্লাবের মতে, এই দুই ক্রিকেটারের সাফল্য বাংলার ক্রিকেট ইতিহাসে এক গৌরবময় অধ্যায় যুক্ত করেছে। তাঁদের সম্মান জানাতেই আয়োজন করা হচ্ছে বিশেষ সংবর্ধনার।