
শেষ আপডেট: 6 March 2024 21:55
দ্য ওয়াল ব্যুরো: অ্যাওয়ে ম্যাচে ফের হার ইস্টবেঙ্গলের। মারগাওতে এফসি গোয়ার কাছে ০-১ গোলে হার কার্লোস কুয়াদ্রাতের দলের। ম্যাচে গোয়ার পক্ষে জয়সূচক গোল করেছেন নোয়া সাদাউই।
এই ম্যাচ হারের কারণে গোয়ার মাণ্ডবী নদীর তিরে তলিয়ে গেল ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়ার আশা। বাকি চারটি ম্যাচে জিতলেও তাদের ক্ষেত্রে প্লে অফের টিকিট নিশ্চিতই, বলা যাবে না।
আইএসএলের পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গল নবম স্থানেই থেকে গিয়েছে। তাদের পয়েন্ট ১৮ ম্যাচে ১৮। গোয়া ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট পেয়ে তালিকায় চারে চলে গিয়েছে। লাল হলুদের খেলায় সেই উদ্যমের অভাব চোখে পড়েছে। তাদের দেখে মনে হয়নি যে ম্যাচটি তারা জিততে পারে।
ইস্টবেঙ্গল দলের যে ছন্দ দেখা গিয়েছিল সুপার কাপে। সেটাই উধাও আচমকা। তাদের খেলায় সৃজনশীলতার অভাব দেখা গিয়েছে। মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সমঝোতার অভাব দেখা গিয়েছে।
শুধু তাই নয়, এদিনও ক্লেটন, নন্দকুমাররা গোলের কাছে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন। বরং গোয়া নিজেদের মাঠে দাপটে খেলেছে। তারা বিরতির আগেই তিন গোলে এগিয়ে যেতে পারত। কিছু ক্ষেত্রে লাল হলুদ গোলরক্ষক বাধা হয়ে দাঁড়ান।
রবিবার আবার বড় ম্যাচ রয়েছে। এই ম্যাচে মোহনবাগানের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইস্টবেঙ্গলের কাছেও। সবুজ মেরুন দল এই মুহূর্তে খেতাবের দৌড়ে রয়েছে। ওই ম্যাচে জিতলে হাবাসের দল শীর্ষে চলে যাবে। পাশাপাশি ইস্টবেঙ্গলের কাছে প্লে অফে আশা যাওয়ার কার্যত শেষ। তাও ডার্বি জিতলে সমর্থকদের কাছে পরম প্রাপ্তি হবে।