
শেষ আপডেট: 22 December 2023 22:06
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল রয়েছে সেই তিমিরেই। শুক্রবার তারা গোল শূন্য ড্র করল ওড়িশা এফসি-র বিরুদ্ধে। ঘরের মাঠে এমন দুটি দলের খেলা ছিল, যে দলের কোচরা একে অপরের ভাল বন্ধুও।
লাল হলুদের কার্লোস কুয়াদ্রাত এবং ওড়িশা এফসি-র সার্জি লোবেরো বহুদিনের বন্ধু। একটা সময় বার্সেলোনা যুব দলে কাজও করেছেন। কিন্তু মাঠে নামলে যে এগুলো মনে থাকে না, সেটি বুঝিয়ে দিলেন দুই কোচই।
একটা সময় এই লোবেরোই ইস্টবেঙ্গল কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছিলেন। সেইসময় কোচ হিসেবে নিয়ে আসা হয় বেঙ্গালুরুর প্রাক্তন কোচ কার্লোসকে। এই স্প্যানিশ কোচের তালিমে ভাল শুরুও করেছিল লাল হলুদ দল। এমনকী কুয়াদ্রাতের কোচিংয়ে ডার্বি ম্যাচও জিতেছিল ইস্টবেঙ্গল।
সমর্থকদের মধ্যে আশারও সঞ্চার হয়েছিল। কিন্তু তারপর থেকে দল ছন্দহীনতায় ভুগেছে। আইএসএলেও ইস্টবেঙ্গল ছন্দে নেই। তাদের খেলার মধ্যে ধারাবাহিকতার অভাব। দলে মাত্র তিনজন ভরসা করার মতো নাম, ক্লেটন, নাওরেম ও নন্দকুমার। বাকিদের মধ্যে ভাল খেলার তাগিদ দেখা যাচ্ছে না।
এদিনও ম্যাচে গোল অপচয়ের খেসারত দিল লাল হলুদ দল। তারা লিগে রয়েছে সাত নম্বরে। বলাই যেতে পারে খেতাব থেকে অনেকটাই দূরে সরে গেল ইস্টবেঙ্গল।
টানা চার ম্যাচে অপরাজেয় থাকার পরেও এই ম্যাচে না হারলেও পয়েন্ট নষ্টের কারণে সমস্যায় পড়ে গেল লাল হলুদ দল।