
শেষ আপডেট: 3 February 2024 23:32
দ্য ওয়াল ব্যুরো: কার্লোস কুয়াদ্রাত সাধারণত রেফারিংয়ের সমালোচনা করেন না। কিন্তু দিল্লির রেফারি সুনীল কুমার গুপ্তা যেভাবে শনিবার ম্যাচ পরিচালনা করেছেন, তাতে দুই দলের সমর্থকদেরই ক্ষোভ রয়েছে। এমনকী ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতও জানিয়ে দিয়েছেন, এত বাজে রেফারিংয়ের কারণেই আমরা মাঠে তিন পয়েন্ট ফেলে এলাম। এই ধরনের রেফারিংয়ে ভারতীয় ফুটবলের ক্ষতি হয়ে যাবে!
লাল হলুদের স্প্যানিশ কোচ বলেছেন, শুনেছি এই রেফারি ভারতের সেরা রেফারি, তাঁর খেলানোর মান যদি এমন হয়, সেটি চিন্তার বিষয়। মোহনবাগান যে গোলে ম্যাচে ২-২ করল, সেটিই অবৈধ। কারণ আমাদের নন্দকুমারকে আগেই ফাউল করেছিল সাহাল। সেটি রেফারিই দেখলেন না, তারপর সাহাল পাস দিলে তা থেকে গোল করে মোহনবাগানকে বাঁচায় দিমিত্র্রি।
সারা ম্যাচে মোট ২২টি ফাউল হয়েছে। বারবারই রেফারি সুনীল কুমার গুপ্তার রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। বাগান কোচ হাবাসও জানিয়েছেন, রেফারির অবিচারের শিকার আমরাও হয়েছি। না হলে পেনাল্টি থেকে ক্লেটনের গোলটাই হতো না। ওইসময় দীপক টাংরি কোনওভাবেই অবৈধভাবে ধাক্কা দেয়নি মহেশকে। রেফারি চোখ বুজে পেনাল্টি দিয়ে দিলেন। আমি অবাক হয়েছি এ ঘটনায়।
লাল হলুদের কোচ অবশ্য ছেলেদের খেলার প্রশংসা করেছেন। তিনি বলেছেন বিশেষ করে গোলদাতা অজয় ছেত্রীর কথা। এ ম্যাচে শৌভিক খেলেননি কার্ড সমস্যার কারণে। ম্যাচে অজয় সেটি পুষিয়ে দিয়েছেন।