
শেষ আপডেট: 29 January 2024 16:10
দ্য ওয়াল ব্যুরো: সুপার কাপে চ্যাম্পিয়ন হয়ে বড় সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল। তারা মাঝমাঠের তারকা বিদেশি বোরহা হেরেরাকে রিলিজ করে দিচ্ছে। এফসি গোয়াতে লোনে যাচ্ছেন ওই তারকা।
সুপার কাপে লাল হলুদ দলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বোরহার বিশেষ অবদান ছিল। তাঁকে বহুদিন ধরেই চেয়ে রেখেছিল গোয়া। মোহনবাগানের বিরুদ্ধে খেলার সময় চোটের কারণে ভিক্টর ছিটকে যান। তারপরেই বোরহাকে নেওয়ার ব্যাপারে মনস্থির করে গোয়া। বোরহা লাল হলুদে যোগ দিয়েছিলেন হায়দরাবাদ এফসি থেকে। ৩১ বছরের এই নামী মিডফিল্ডারের বিকল্প ঠিক করেই তাঁকে ছাড়তে উদ্যত হয়েছেন কোচ।
বোরহার বিকল্প মাঝমাঠের ফুটবলারও বাছাই করে ফেলেছেন কোচ কার্লোস কুয়াদ্রাত। লিওনেল মেসিদের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে মেজর সকার লিগে খেলা দলের এক তারকা আসছেন লাল হলুদে। তিনিও স্প্যানিশ তারকা, যিনি মাঝমাঠের বলপ্লেয়ার হিসেবে পরিচিত। কোচই তাঁকে বেছেছেন। জানুয়ারির সেকেন্ড উইন্ডোকে কাজে লাগাতে চাইছেন লাল হলুদ কর্তারা। ৩১ জানুয়ারি শেষদিন উইন্ডোর।
এদিকে, সুপার কাপ ফাইনালের পরে দেখা গিয়েছে, দলের অধিনায়ক ব্রাজিলীয় ক্লেটন সিলভা ক্যাপ্টেন আর্মব্যান্ড স্থানীয় তারকা শৌভিক চক্রবর্তীর হাতে তুলে দেন। এই ঘটনায় প্রশংসিত হচ্ছেন দলের আসল অধিনায়ক ক্লেটন। তিনি জানেন, বাঙালি আবেগকে দেখানোর জন্য শৌভিকই দলের আসল লোক, তাই তাঁর হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ড তুলে দিয়ে লাল হলুদ সমর্থকদের হৃদয় জিতে নিয়েছেন সিলভা।