
শেষ আপডেট: 30 October 2023 20:35
দ্য ওয়াল ব্যুরো: ফাইনাল পরীক্ষার ফল বেরিয়ে যাওয়ার পরে বৃত্তি পরীক্ষায় বসার মতো অবস্থা। এবার কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামেডান স্পোর্টিং। তাদের বিজয়ীর ট্রফিও তুলে দেওয়া হয়েছে।
সোমবার তার মধ্যে ইস্টবেঙ্গল ৪-১ গোলে হারিয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-কে। লিগে রানার্স হওয়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেল লাল হলুদ দল।
খেলার ৩৫ মিনিটে জেসিন টিকের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। জেসিনের গোলটি দেখার মতোই।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রাহুল পাসোয়ান সমতা ফেরান ডায়মন্ড হারবারের হয়ে। বিরতিতে খেলার ফল ছিল ১-১।
লাল হলুদের হয়ে মহিতোষ রায় দ্বিতীয় গোলটি করেছেন। তার আগে মহিতোষের শট একটুর জন্য বাইরে চলে গিয়েছিল। তারপরই গোল করে তিনি দলকে এগিয়ে দিয়েছেন।
৭৩ মিনিটে রাহুল পাসোয়ানের শট বারে লেগে ফিরে আসে। তার ঠিক তিন মিনিট বাদেই লাল হলুদের পক্ষে ব্যবধান বাড়িয়েছেন তুহিন রায়। ইস্টবেঙ্গলের হয়ে শেষ গোলটি করেছেন অভিষেক কুঞ্জুম।