
শ্রাচী স্পোর্টস
শেষ আপডেট: 19 March 2025 17:45
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের ব্যাকরণ ও আইন-কানুন—উঠতি খেলোয়াড় ও উৎসুক কোচদের সমস্তকিছু হাতে ধরে শেখানোর উদ্দেশ্যে বিশেষ প্রকল্প চালু করল ‘ই-অ্যাথলিড’। যারা আদতে শ্রাচী স্পোর্টসের সহযোগী প্রতিষ্ঠান। আজ এই উদ্যোগের কথা সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়৷ এনসিএ অনুমোদিত এই সিরিজের নাম রাখা হয়েছে ‘মহাগুরু কা মাস্টাক্লাস’।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, প্রকল্পের মাথায় রয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিল। তাঁর নির্দেশেই কোচিংয়ের ম্যানুয়াল ও ক্রিকেটারদের প্রশিক্ষণের নকশা রচিত হয়েছে। শ্রাচী স্পোর্টসের প্রধান কার্যালয়ে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ পাটিল স্বয়ং৷ পাশাপাশি দীনেশ নানাবতী, জি শোআউটের মতো প্রাক্তন ক্রিকেটার ও কোচদেরও আলোচনায় অংশ নিতে দেখা যায়।
এই ডিজিটাল প্রশিক্ষণ সিরিজটি বিন্যস্ত করা হয়েছে দশটি পর্বে। যার মধ্যে চারটি পর্ব থাকবে উইকেট কিপিং সংক্রান্ত৷ এর দায়িত্বে রয়েছেন দীনেশ নানাবতী। তাঁর কাজ ইতিমধ্যে জাতীয় স্তরে প্রশংসা কুড়িয়েছে। বোলিং ও ফিল্ডিংয়ের জন্য বরাদ্দ করা হয়েছে চার পর্বের মডিউল। এর শীর্ষে রয়েছেন গৌতম সোম৷ ফিটনেস বিশেষজ্ঞ রাহুল পট্টবর্ধনের অধীনে পরিচালিত হবে শারীরিক সুস্থতা সংক্রান্ত দুটি পর্ব।
অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্দেশ্য বিষয়ে বলতে গিয়ে সন্দীপ বলেন, ‘ক্রিকেট ভারতে স্রেফ খেলা নয়। তারও অতিরিক্ত কিছু। তা সত্ত্বেও কোচিং এদেশে অনিয়ন্ত্রিত রয়ে গিয়েছে৷ যথাযথ সার্টিফিকেট নিয়ে কাজ করতে নামেন খুব কম সংখ্যক কোচ। এনসিএ প্রতি বছর হাতেগোনা প্রশিক্ষণ শিবির আয়োজন করে। যেখানে তিন থেকে পাঁচজন কোচ অংশগ্রহণের সুযোগ পান। আমাদের এই উদ্যোগ কোচিংকে আরও প্রসারিত ও সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পারে।’
এর পাশাপাশি দীনেশ নানাবতী কোচিংয়ের মানোন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে জানান, ‘আমাদের দেশে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের প্রশিক্ষণের জন্য প্রচুর সময় ও অর্থ ব্যয় করেন। অথচ অধিকাংশ অ্যাকাডেমির হাল খুব খারাপ। তরুণ ক্রিকেটাররা কি সঠিক টেকনিক শিখছেন? তাঁদের দায়িত্বে থাকা কোচেরা কি ঠিকভাবে প্রশিক্ষিত হয়েছেন? আমাদের এই ডিজিটাল সিরিজ দেশের কোচিং মানচিত্রে রূপান্তর আনতে পারে।’