
শেষ আপডেট: 4 June 2024 17:52
দ্য ওয়াল ব্যুরো: গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হবেন, এটা প্রায় ওপেন সিক্রেট হয়ে গিয়েছে। তিনি আবুধাবিতে গিয়েও যা বলেছেন, তাতে পরিষ্কার রোহিতদের কোচ হওয়া শুধুই সময়ের অপেক্ষা।
বিসিসিআই একপ্রকার ঠিকই করে রেখেছে বিরাট কোনও অঘটন না ঘটলে গম্ভীরকেই দায়িত্ব দেওয়া হবে। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও সমর্থন করেছেন কেকেআরের বর্তমান মেন্টরকে।
ঠিক এরকম একটা সময়ে গৌতম গম্ভীরকে কটাক্ষ করলেন দীনেশ কার্তিক। প্রাক্তন কেকেআর দলের সতীর্থ সম্পর্কে কার্তিকের ব্যাখ্যা, ‘‘গোতি (গম্ভীর) অসম্ভব অলস এক ব্যক্তি। ওঁর মতো অলস আমি কাউকে দেখিনি। না হলে একবার খেলতে গিয়ে হোটেলের ঘরে টিভির চ্যানেল বদলের জন্য রিমোট কন্ট্রোল আনতেও আমাকে ডেকেছিল। আমি তো এসে অবাক, আমিই বললাম, তুই কী রে, একটা রিমোট আনার জন্যও আমাকে ডাকলি?’’
সদ্য সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেওয়া কার্তিক অবশ্য মানছেন, ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ হলেন গম্ভীর। তিনি ক্রিকেট মাঠে অতি সচল এক ব্যক্তি। কোচ হিসেবে তিনি যে সফল হবেন, সেটিও বন্ধু নিয়ে বলেছেন দীনেশ।
শুধু তাই নয়, ম্যাচের সময় অতি সক্রিয় গম্ভীর যে দারুণ এক টিমম্যান, তাও বলেছেন ভারতের নামী উইকেটরক্ষক ব্যাটার। টি ২০ বিশ্বকাপের মধ্যে ভারতীয় বোর্ড গম্ভীরকে কোচ হিসেবে ঘোষণা করে কিনা, সেটিও বিষয়। তবে এদিনই সংবাদমাধ্যমকে রোহিতদের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন, তিনি আর কোচ থাকছেন না। এমনকী কোচ হওয়ার আবেদনও করেননি।