
অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 11 April 2025 19:38
দ্য ওয়াল ব্যুরো: চলতি মরশুমের প্রথম দল হিসেবে আগামী বছর আই লিগে খেলার যোগ্যতা অর্জন করল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। আর এই সূত্রে বাংলার দলকে শুভেচ্ছা জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া এক্স-এ লেখা বার্তায় তিনি বলেন, ‘এটা ভীষণ গর্ব ও আনন্দের মুহূর্ত। শুধু আমার নয়, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সমস্ত সভ্য, সমর্থকেরা উচ্ছ্বসিত। তাদের এই যোগ্যতা অর্জন খেলোয়াড়দের অধ্যবসায়, কোচ ও দলের দায়বদ্ধতা এবং স্পনসরদের বিশ্বাস ও সাহায্যের ফল।‘
প্রসঙ্গত, আইএসএলে ছাড়পত্র লাভের রাস্তায় নানান বাঁক ঘুরে এসেছে ডায়মন্ড হারবার ক্লাব। কলকাতা লিগ, আইলিগের বিভিন্ন গণ্ডী ডিঙোতে হয়েছে তাদের। এই পাকদণ্ডীর উল্লেখ করে অভিষেক বলেন, ‘কলকাতা লিগের প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশন। তারপর আইলিগের তৃতীয় ডিভিশন জয়। সেখান থেকে আই লিগ-২ হয়ে এখন আই-লিগ। মাত্র তিন বছরে এতকিছু অর্জন সত্যি অবিশ্বাস্য।‘
It is a moment of immense pride and joy — not just for me personally but for every single member and supporter of the DIAMOND HARBOUR FOOTBALL CLUB family.@dhfootballclub ’s qualification for the I-League stands as a testament to the discipline of our players, the unwavering…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 11, 2025
আই লিগে ছাড়পত্র পাওয়ার পর পরের লক্ষ্য ইন্ডিয়ান সুপার লিগ। তার উল্লেখ করে অভিষেকের মন্তব্য, ‘আই-লিগে প্রবেশের পর আমরা আইএসএল থেকে মাত্র এক ধাপ দূরে। এটা সত্যি দুর্দান্ত জার্নি ছিল। সেরা সময় আগামী দিনে আসতে চলেছে।‘
উল্লেখ্য, আজ আই লিগ-২-এ দেশের দু’প্রান্তে দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেল তিনটেয় ইম্ফলের খুমাম লম্পক স্টেডিয়ামে নেরোকা এফসির মুখোমুখি হয়েছিল স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার। অন্যদিকে ডায়মন্ড হারবারের খেলা ছিল বিকেল চারটে থেকে। প্রতিপক্ষ স্পোর্টস অ্যাকাডেমি তিরুর। প্রথম লড়াইয়ে নেরোকার জয়লাভের ফলে নিজেদের ম্যাচের ফয়সালার আগেই ডায়মন্ডহারবার জেনে যায় তারা আগামী মরশুমে আই লিগে নামতে চলেছে। এবার তাদের লক্ষ্য আই লিগ-২ ট্রফি জেতা। সামনে মিজোরামের চানমারি এফসি।