
শেষ আপডেট: 26 February 2024 14:08
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট সবকিছু মিলিয়ে দেয়। কোনও কোনও ম্যাচে তৈরি হয় নতুন নায়কের। এমন কিছু প্রেক্ষাপট থাকে, যেখানে নায়কের মাঠে এক নতুন নায়কের উত্থান হয়।
রাঁচি টেস্টে যেমন হল। ধোনির ঘরের মাঠে নতুন ধোনির পদচারণা শুনতে পেল ভারতীয় ক্রিকেট প্রেমীরা। ধ্রুব জুরেলের দুটি ইনিংসে কার্যকরী রান ভারতকে জয় এনে দিয়েছে। এই ম্যাচে প্রথম ইনিংসে জুরেলের ৯০ রান জয়ের টার্নিং পয়েন্ট। সেই কারণেই ভারতীয় দল ইংল্যান্ডের ৩৫৩ রানের বিনিময়ে ভারত করতে পেরেছিল ৩০৭ রান।
জুরেলের জন্যই ভারত এই ম্যাচে অক্সিজেন পেয়েছে। সোমবার ম্যাচ জয়ের সময় ধোনি থাকলে দেখতে পেতেন তাঁর পাড়ার মাঠেই নতুন নায়ক উঠে এলেন। ধোনি যেমন ভারতকে বহুবার ম্যাচ জয়ের ভিত গড়ে দিয়েছিলেন, তেমনি জুরেল এই ম্যাচের আসল নায়ক হলেন। মনে করালেন মাহিকে।
জুরেল দুটি ইনিংসে শুধু রান করেননি, তিনি দলকে ভরসা দিয়েছেন। কোচ রাহুল দ্রাবিড় থেকে শুরু করে দলনায়ক রোহিতও প্রশংসা করেছেন আগ্রার ২৩ বছরের যুবকের। জুরেলের কিপিংও আশায় রাখছে দলকে। অশ্বিনের বোলিংয়ে কিপিং করে তিনি দেখিয়েছেন জুরেল সবদিক থেকেই সহজাত। মাহির মতোই কিপিংয়ে রিফ্লেক্স জুরেলের।
রাঁচি টেস্টে ম্যাচের নায়ক জুরেলই। যিনি ম্যাচ শেষে বলেছেন, আমি আমার কাজ করেছি। তবে দলের সতীর্থরাও আমাকে নানাভাবে সহায়তা করেছে। গিলের সঙ্গে উইকেটে থাকাকালীন ছোট ছোট লক্ষ্য রাখছিলাম জয়ের জন্য।