
শেষ আপডেট: 21 January 2024 23:03
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে ফ্যানদের একেকজনের একেকরকম চরিত্র। কেউ পুরো দলকে ভালবাসেন, কেউ বা গোটা জাতীয় দলকে, আবার অনেকে করেন ব্যক্তি পূজাও।
আইপিএলের বাজার গরম অনেকদিন ধরেই। চারবছর আগে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার পরে এক ফ্যানের কথা ক্রিকেট বিশ্ব জেনে যায়। যিনি তামিলনাড়ুর এক গ্রামের বাড়ি রং করেছিলেন চেন্নাই সুপার কিংসের হলুদ রংয়ে। এমনকী সেই বাড়িতে আঁকা হয়েছিল এম এস ধোনির ছবিও।
গোপী কৃষ্ণানের সেই বাড়ি সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই জেনে গিয়েছিল। ধোনিও এক অনুষ্ঠানে স্বীকার করেছিলেন যে তিনিও ইনস্টাগ্রানে গোপীর হলুদ রংয়ের বাড়ি দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি যে সমানভাবে ধোনিরও সুপার ফ্যান ছিলেন, সেটিও পরে জানা যায়। এবার সেই ফ্যানকে হারাতে হল মাহিকে।
গোপীর পরিবার সূত্রে জানা গিয়েছে, অনেকদিন ধরেই মানসিক বিকারগ্রস্ত ছিলেন তিনি। বহুজনের কাছে ঋণ নিয়েছিলেন, সেগুলি শোধ দিতে পারেননি। তাই হতাশায় নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।
মাত্র ৩৪ বছরের এই অস্বাভাবিক মৃত্যুর খবরে সুপার কিংস শ্রদ্ধা জানিয়েছে। হয়তো ধোনির কানেও দু’একদিনের মধ্যে সেই খবর পৌঁছবে। ফের আইপিএলে খেলতে নামার আগে বড় অনুরাগীকে হারালেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।