
শেষ আপডেট: 14 December 2023 21:10
দ্য ওয়াল ব্যুরো: গৃহযুদ্ধই বলা যেতে পারে। ডেভিড ওয়ার্নার ও মিচেল জনসনের মধ্যে ছায়াযুদ্ধ শুরু হয়েছে। ওয়ার্নারকে নিয়ে নানা কুমন্তব্য করেছিলেন জনসন। সেই নিয়ে ওয়ার্নার চুপই ছিলেন। তাঁর হয়ে এদিন জবাব দিল তাঁর উইলো ব্যাটই।
এই সিরিজের পরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ার ওপেনার। বিদায়ী সিরিজ স্মরণীয় করে রাখলেন কিংবদন্তি।
পার্থে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন ওয়ার্নার। তাঁর ১৬৪ রানের ইনিংসের সৌজন্যে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া তুলেছে ৫ উইকেটে ৩৪৬ রান।
দলের অন্য ওপেনার উসমান খোয়াজাকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে ১২৬ রান তোলেন ওয়ার্নার। উসমান ৪১ করে শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন।
ইনিংস বড় করতে পারেননি মার্নাস লাবুশেন। ফাহিম আশরাফের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে করেন ১৬ রান। তবে তৃতীয় উইকেটে স্টিভ স্মিথকে নিয়ে ৭৯ ও চতুর্থ উইকেটে ট্রাভিস হেডকে নিয়ে ৬৬ রানের আরও দুটি জুটি গড়েন ওয়ার্নার।
ওয়ার্নার ২১১ বলে ১৬টি চার এবং ৪টি ছক্কায় ১৬৪ রানের ইনিংস খেলেছেন। তাঁর এটি ২৬তম টেস্ট সেঞ্চুরি। মিচেল জনসন তাঁর দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। একদা সতীর্থের কথাকে ফুৎকারে উড়িয়ে দিল ওয়ার্নারের দুর্দান্ত ইনিংস। তাই ওয়ার্নারের স্ত্রীও কটাক্ষ করতে ছাড়েননি জনসনকে।