
শেষ আপডেট: 5 January 2024 12:25
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার অবশেষে তাঁর হারিয়ে যাওয়া ব্যাগি গ্রিন টুপি ও ব্যাগ খুঁজে পেলেন। যা পেয়ে রীতিমতো খুশি তিনি। ব্যাগি গ্রিন টুপি ফেরত পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছিলেন ওয়ার্নার। শুধু তাই নয়, পুরস্কার ঘোষণাও করেছিলেন।
২০১১ সালে টেস্ট অভিষেক হয়েছিল ওয়ার্নারের। এই টুপি পরেই মাঠে নেমেছিলেন সেদিন তিনি। তারপর অনেক টুপি ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু অভিষেক ম্যাচের টুপি ছিল তাঁর কাছে মূল্যবান। মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে সেই টুপি ও একটি ব্যাগ হারিয়ে ফেলেছিলেন ওয়ার্নার। হারিয়ে যাওয়া ব্যাগে ছিল তাঁর সন্তানদের জন্য কেনা কিছু উপহার। আর ছিল অভিষেক ম্যাচের টুপিটাও।
সোশ্যাল মিডিয়ায় টুপি ফেরত চেয়ে আবেদন করেন ওয়ার্নার। তিনি বলেছিলেন, ওই ব্যাগ ও ব্যাগি গ্রিন টুপি কেউ যদি ফেরত দেন, তবে তিনি তাঁর কাছে কৃতজ্ঞ থাকবেন। ওই রকম ব্যাগই উপহার দেবেন। শুক্রবার ওয়ার্নার জানান, ব্যাগ ও টুপি ফিরিয়ে পেয়েছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করে খুশির খবর জানিয়েছেন ওয়ার্নার। তিনি জানান, হোটেল থেকেই ব্যাগটি পাওয়া গেছে। তবে ব্যাগটি কোথায় ও কীভাবে হারিয়ে গিয়েছিল জানা যায়নি। অনেকবার হোটেলের সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। খোঁজা হয়েছে।' টুপি ফেরত পেয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্নার।
View this post on Instagram
ওয়ার্নার কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলছেন সিডনিতে। পাশাপাশি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন ওয়ার্নার। শুধুমাত্র টি২০ খেলা চালিয়ে যাবেন তিনি এখনও।