
স্লোভেনিয়া ম্যাচে পেনাল্টি মিস করে কান্না রোনাল্ডোর।
শেষ আপডেট: 4 July 2024 21:00
দ্য ওয়াল ব্যুরো: স্লোভেনিয়ার বিরুদ্ধে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কান্না ভোলেনি ফুটবল দুনিয়া। পেনাল্টি মিস করে শিশুর মতো কান্নায় ভেঙে পড়েছিলেন পর্তুগিজ মহাতারকা। ছেলের কান্না দেখে গ্যালারিতে খেলা দেখতে বসা মা-ও চোখের জল ফেলেছিলেন।
রোনাল্ডোর কান্নায় ফুটবলপ্রেমীদের হৃদয় ভাঙলেও রুদ গুলিত কটাক্ষ করেছেন এই ঘটনায়। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রোনাল্ডোর কান্নায় আমাকে ভোলানো যাবে না। নিজের ব্যর্থতা ঢাকতে রোনাল্ডো এমনভাবে কেঁদেছে। একে আমি মায়াকান্না বলতে পিছপা হব না।
নেদারল্যান্ডসের প্রাক্তন মহাতারকা আরও বলেছেন, ‘‘রোনাল্ডো গত ম্যাচে সবদিক ব্যর্থ। টাইব্রেকারে একটা গোল ছাড়া ম্যাচে কিছুই করে উঠতে পারেনি। ম্যাচে মোট চারটি ফ্রিকিক নিয়েছে, অথচ গোল করতে পারেনি। পেনাল্টি মিস করল গুরুত্বপূর্ণ সময়ে। ওই ম্যাচ হারলে রোনাল্ডোকেই সবাই দোষ দিত। নিজের ব্যর্থতা আড়াল করতে গিয়েই ওইভাবে কেঁদেছে। এগুলি সহানুভূতি আদায় ছাড়া আর কিছুই নয়।’’
শুধু তাই নয়, পর্তুগাল দলে রোনাল্ডোর চেয়েও ভাল ফ্রিকিক নেওয়ার লোক রয়েছে। কিন্তু সে কাউকেই প্রচারে আনতে চায় না। সব ফ্রিকিক নিজেই নিতে চায়, অথচ বড় টুর্নামেন্টে মোট ৬০টি ফ্রিকিক থেকে রোনাল্ডো মাত্র একটি গোল করতে পেরেছে। তাই ওকে কখনই ফ্রিকিক মাস্টার বলা যাবে না।’’